দীর্ঘ দুই দশক আগে আর্থিক সংকটে এশিয়ার শেয়ারবাজার বড় ধরনের ধাক্কা খায়। এত বছর পার হয়ে গেলেও এশিয়ার তিনটি শেয়ারবাজার সংকট-পূর্ববর্তী অর্জনে ফিরে আসতে পারেনি।
বর্তমানে এ অঞ্চলের জাপান, থাইল্যান্ড ও তাইওয়ানের শেয়ারবাজারের লেনদেন সংকটপূর্ব সময়ের চেয়ে নিচে রয়েছে।
১৯৮৯ সালে জাপানের টপিক্স ইনডেক্সটি ডলারের ভিত্তিতে রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল। সে সময়ের তুলনায় মঙ্গলবার সূচকটি ২৯ শতাংশ নিচে ছিল। জাপানের টপিক্স ইনডেক্সের পাশাপাশি থাইল্যান্ডের এসইটি (স্টক এক্সচেঞ্জ অব থাইল্যান্ড) ও তাইওয়ানের টিডব্লিউএসই (তাইওয়ান স্টক এক্সচেঞ্জ করপোরেশন) ১৯৯৭ সালের পর নিজেদের হারানো ঔজ্জ্বল্য ফিরে পেতে ব্যর্থ হয়েছে।
তবে এশিয়ার যে একটি শেয়ারবাজার ভালো করেছে সেটি হলো দক্ষিণ কোরিয়া। দেশটির কসপি ইনডেক্স ২০০৬ সালেই সংকটপূর্ব সময়ের অর্জনকে ছড়িয়ে যায় এবং পরবর্তী বছরে নতুন রেকর্ড উচ্চতায় পৌঁছায়। প্রতিবেশী উত্তর কোরিয়ার সঙ্গে দেশটির চলমান উত্তেজনা সত্ত্বেও দক্ষিণ কোরিয়ার শেয়ারবাজার উন্নতি করে চলেছে। চলতি বছরের ৩০ জুন বাজারটির শেয়ারদর ১০ বছরের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে।
দুই দশক আগের অর্থনৈতিক সংকটটির শিকড় এশীয় অর্থনীতিগুলোর মধ্যেই নিহিত ছিল। অর্থনীতিগুলো বিনিময়হার স্থির রাখতে এবং বেসরকারি খাতে ফুলে ফেঁপে ওঠা ডলার ঋণকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়। থাইল্যান্ড যখন মুদ্রার মান স্থির রাখতে ও অবমূল্যায়িত হওয়া রোধ করতে ব্যর্থ হয়, তখন দেশটি থেকে মূলধন হু হু করে বেরিয়ে যায়। যা অঞ্চলটিতে অর্থনৈতিক ও কিছু ক্ষেত্রে রাজনৈতিক সংকট তৈরি করে।
দক্ষিণ কোরিয়া ছাড়াও হংকংয়ের হাং সেং, ভারতের এসঅ্যান্ডপি বিএসই সেনসেক্স ও এনএসই নিফটি ৫০, ইন্দোনেশিয়ার জেসিআই কম্পোজিট, ফিলিপাইনের পিএসইআই ও মালয়েশিয়ার কেএলসিআই ১৯৯৭ সাল পূর্ববর্তী উচ্চতাকে ছাপিয়ে যেতে সক্ষম হয়েছে।
সূত্র: ব্লুমবার্গ
