বিশ্বজুড়ে চলমান করোনা সংক্রমণ এবার ভয়াবহ রূপ নিয়েছে দক্ষিণ এশিয়ায়। প্রথমবারের মত এবার পাকিস্তানও আক্রান্তের সংখ্যায় চীনকে ছাড়িয়ে গেছে। সেইসাথে শীর্ষ আক্রান্ত দেশের তালিকায় পাকিস্তানের অবস্থান এখন ১৭তম।
বর্তমানে চীনের অবস্থান তালিকার ১৮ নম্বরে এসে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার আক্রান্তের সংখ্যায় চীনকে পেছনে ফেলেছে পাকিস্তান। পূর্ববর্তী ২৪ ঘণ্টায় দেশটিতে ৪ হাজার ৬৮৮ জনের করোনা শনাক্ত হয়। তাতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৮৫ হাজার ২৪৬ জনে। এদিকে চীনে আক্রান্তের সংখ্যা ৮৪ হাজার ১৭১ জন।
পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম জিও টিভি জানিয়েছে, সে দেশে আক্রান্তের তালিকায় শীর্ষে অবস্থান করছে সিন্ধুপ্রদেশ। এ পর্যন্ত ওই প্রদেশে করোনায় মোট আক্রান্ত হয়েছে ৩২ হাজারের বেশি মানুষ।
গত মঙ্গলবার করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সিন্ধুপ্রদেশের মানব ব্যবস্থাপনাবিষয়ক মন্ত্রী গোলাম মুর্তজা। সিন্ধুর পরেই রয়েছে পাঞ্জাব। সেখানে মোট আক্রান্ত ৩১ হাজারের বেশি।

