বাংলা চলচ্চিত্র জগতের বর্ষীয়ান অভিনেতা সন্তু মুখোপাধ্যায় আর নেই। গতকাল বুধবার (১১ মার্চ) দক্ষিণ কলকাতার নিজের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
জানা গেছে, অনেকদিন ধরেই অসুস্থতাই ভুগছিলেন সন্তু মুখোপাধ্যায়। তার ক্যানসারের চিকিৎসা চলছিল। কিছুদিন আগেই শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তিনি ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। তবে সে সময় কিছুটা সুস্থ থাকায় হাসপাতাল থেকে বাড়িতে ফিরে যান তিনি এবং সেখানেই চিরনিদ্রায় চলে গেলেন টলিউডের অন্যতম প্রিয় এই অভিনেতা।
অসুস্থ অবস্থায়ও কাজ থামিয়ে রাখেননি সন্তু মুখোপাধ্যায়। তিনি একের পর এক সিনেমা এবং সিরিয়ালে অভিনয় করে গেছেন।
তপন সিনহার রাজা সিনেমা দিয়েই শুরু সন্তু মুখোপাধ্যায়ের অভিনয় ক্যারিয়ার। এরপর হারমোনিয়াম , গণদেবতা, দেবদাস-এর মতো একাধিক উচ্চমানের ছবিতে অভিনয় করেছেন তিনি।
এদিকে, প্রবীণ অভিনেতার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমেছে টলিউড ইন্ডাস্ট্রিতে। শোকবার্তা জ্ঞাপন করেছেন মাধবী মুখোপাধ্যায়, সৌমিত্র চট্টোপাধ্যায়, বিদিপ্তা চক্রবর্তী এবং কৌশিক গঙ্গোপাধ্যায়-সহ আরও অনেকে।

