মালয়েশিয়ায় বাংলাদেশি নাগরিকদের গ্রেপ্তারের ঘটনায় পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সন্ত্রাসবাদ ও চরমপন্থার বিরুদ্ধে বাংলাদেশের ‘জিরো টলারেন্স’ নীতির প্রতি অটল অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। তিনি জানিয়েছেন, বাংলাদেশ মালয়েশিয়ার চলমান তদন্তে পূর্ণ সহযোগিতা প্রদান করবে। বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই আশ্বাস দেন।
তৌহিদ হোসেন বলেন, “আমরা মালয়েশিয়ার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত। তারাও আমাদের সঙ্গে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আমি তাদের আমাদের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার নিশ্চয়তা দিয়েছি।” তিনি জানান, সম্প্রতি একই অভিযোগে আরও দুই বাংলাদেশি গ্রেপ্তার হয়েছেন এবং আরও কয়েকজন গ্রেপ্তার হতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন গ্রেপ্তারকৃতদের পরিচয় এবং অভিযোগের বিস্তারিত জানতে মালয়েশিয়া সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে। উপদেষ্টা তৌহিদ বলেন, “যদি কেউ সন্ত্রাসবাদে জড়িত থাকে, তবে তাকে মালয়েশিয়ার আইন অনুযায়ী ২ থেকে ৭ বছরের সাজা ভোগ করতে হবে। আর যদি নির্দোষ প্রমাণিত হয়, তবে তারা খালাস পাবে।”
গত সপ্তাহে কুয়ালালামপুরে অনুষ্ঠিত ৩২তম আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) মন্ত্রিপরিষদ বৈঠকের ফাঁকে তৌহিদ হোসেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাতো সেরি মোহামাদ হাসানের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেন। বৈঠকে উভয়পক্ষ তথ্য আদান-প্রদান এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সুষ্ঠু আইনি প্রক্রিয়া নিশ্চিত করতে ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে সম্মত হন।

