বাংলাদেশে করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতি বিবেচনায় সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় ঢাকা ছাড়ছেন মার্কিন কূটনীতিক, তাদের পরিবার এবং নাগরিকরা। ৩৫৬ জনের সঙ্গে নয়টি কুকুরও যাচ্ছে।
সোমবার (৩০ মার্চ) সন্ধ্যা ৬টায় কাতার এয়ারওয়েজের বিশেষ ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা করবেন।
এ বিষয়ে মার্কিন দূতাবাসের এক মুখপাত্র জানান, যেসব কূটনীতিক যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছেন তা একান্তই পরিবারের স্বার্থে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে তারা ঢাকায় ফিরবেন। এটা একান্তই যারা ফিরছেন (নাগরিকদের) তাদের ব্যক্তিগত সিদ্ধান্তে। পুরো বিষয়টির ব্যবস্থা করেছে পররাষ্ট্র দফতর।
তবে যুক্তরাষ্ট্র প্রশাসন কাউকেই ফিরিয়ে নিতে জোর করছে না। করোনা পরিস্থিতিতেও ঢাকার মার্কিন দূতাবাসের কার্যক্রম সচল রয়েছে। আমেরিকান নাগরিকদের জন্য কনস্যুলার সেবা পুরোপুরি চালু রয়েছে। পরিস্থিতির কারণে সাধারণের ভিসা বন্ধ রয়েছে।
এর আগে মার্কিন দূতাবাসের এক বার্তায় জানানো হয়, করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিজ দেশে ফিরিয়ে নিতে ঢাকায় উদ্যোগ নিয়েছে তারা।
ওই বার্তায় উল্লেখ করা হয়, বেশিরভাগ রুটে ফ্লাইট বন্ধ থাকায় বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে ফিরতে আগ্রহী আমেরিকানদের জন্য বিশেষ ফ্লাইটের বিষয়ে গত সপ্তাহে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের সহযোগিতা চায় ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস।

