সমকামিতার অভিযোগে এবার পাথর ছুড়ে মৃত্যুদণ্ডের প্রচলনের এক আইন পাশ করেছে দ্বীপরাষ্ট্র ব্রুনেই। ইতিমধ্যে সমকামিতাকে নিষিদ্ধ করেছে দেশটি।
জানা যায়, বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনার মধ্যে থেকেই গত বুধবার সমকামিতার জন্য এই কঠিন শাস্তির বিধান কার্যকর করলো দেশটি।
দক্ষিণ-পূর্ব এশিয়ার ছোট এই দেশটির সুলতান তার দেয়া এক ভাষণে ইসলামি শিক্ষার শক্তভাবে পালনের আহবান জানিয়েছেন। এর প্রেক্ষিতেই এই ধরণের আইন প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছে, বার্তা সংস্থা এএফপি।
তবে এরই মধ্যে ব্রুনেইর সমকামিতায় বিশ্বাসী গোষ্ঠী ‘মধ্যযুগীয় এই শাস্তির বিধানে’ উদ্বেগ প্রকাশ করেছে।
ব্রুনেই তেল গ্যাস সমৃদ্ধ সুলতান শাসিত রাষ্ট্র। ব্রুনেই সুলতান ইনভেস্টমেন্ট এজেন্সির নেতৃত্বে রয়েছে বিশ্বের স্বনামধন্য কিছু হোটেল। তাদের মধ্যে রয়েছে লন্ডনের ডরচেস্টার ও লস এঞ্জেলসে বেভারলি হিলসের মতো হোটেল।
ব্রুনেইর এই ধরনের আইন প্রণয়নের কারণে হলিউড অভিনেতা জর্জ ক্লুনিসহ বেশ কয়েকজন তারকা এসব বিলাসবহুল হোটেল বর্জনের ডাক দিয়েছেন।

