সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলের অন্যতম সামাজিক যোগাযোগ মাধ্যম হিসাবে পরিচিত গুগল প্লাস গতকাল আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
জানা গেছে ২০১১ সালে, জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল, ফেসবুক ও টুইটারকে টেক্কা দিতে গুগল প্লাস নামের যোগাযোগ মাধ্যমটি চালু করেন। কিন্তু সম্প্রতি, ২০১৮ সালে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ফাঁসের ঘটনায় এটি বন্ধ করে দিতে বাধ্য হয় গুগল কর্তৃপক্ষ।
বিবিসির এক খবরে জানা যায়, সাইটটি জনপ্রিয় করার নানা প্রচেষ্টায় সফল হতে না পারায় গত বছরের শেষ দিকে নিরাপত্তা ত্রুটি ধরা পড়ার পর এটি বন্ধ করে দেয়ার ঘোষণা দেয়া হয়।
এরই পরিপ্রেক্ষিতে, গত মাসের মাঝামাঝি সময়ে গুগল প্লাস বন্ধ করে দেয়ার চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করে গুগল। এবং ২ এপ্রিল থেকে ব্যবহারকারীদের তথ্য মুছে ফেলার প্রক্রিয়া শুরু করা হবে বলে জানায় তারা।
গুগলের ইন্টারনেট অ্যান্ড আর্কাইভ টিম জানিয়েছে, গুগল প্লাসের সব তথ্য স্থায়ীভাবে মুছে ফেলা হবে না। এজন্য গুগল প্লাস ব্যবহারকারীর পাবলিক পোস্টগুলো মুছে ফেলার আগে তা সংরক্ষণের ব্যবস্থা করছে তারা।
তবে গুগল প্লাসের সব কন্টেন্ট আর্কাইভ করা হবে না। ব্যবহারকারী মুছে ফেলেছেন এমন কন্টেন্টও সংরক্ষণ করা হচ্ছে না।

