সম্পর্ক জোরদারে জোর: বাণিজ্য-প্রতিরক্ষায় তুরস্কের সহযোগিতা চাইলেন পররাষ্ট্র উপদেষ্টা



বাণিজ্য, বিনিয়োগ ও প্রতিরক্ষা খাতে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। একইসঙ্গে তিনি দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্ব আরও গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তুরস্কের পাঁচ সদস্যের একটি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এই প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

তুরস্কের এই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ‘বাংলাদেশ-তুরস্ক সংসদীয় মৈত্রী গ্রুপ’-এর সভাপতি মেহমেত আকিফ ইয়িলমাজ।

রোহিঙ্গা সহযোগিতা: প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে উপদেষ্টা তৌহিদ হোসেন বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মানবিক চাহিদা পূরণে অব্যাহত সমর্থনের জন্য তুরস্ককে ধন্যবাদ জানান। এর আগে ১ ও ২ নভেম্বর প্রতিনিধিদলটি কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করে তুরস্কের চলমান মানবিক সহায়তা কার্যক্রম পর্যালোচনা করে।

মানবসম্পদ ও শিক্ষা: উপদেষ্টা তৌহিদ হোসেন তুরস্কের বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আরও সুযোগ বাড়ানোর আহ্বান জানান। পাশাপাশি, বাংলাদেশ থেকে আরও দক্ষ ও আধা-দক্ষ কর্মী নিয়োগ দিতে তিনি তুরস্ককে অনুরোধ করেন।

জনগণ-সম্পর্ক: উপদেষ্টা আরও জানান, সরকার সম্প্রতি বাংলাদেশে ইউনূস এমরে ইনস্টিটিউটের একটি শাখা স্থাপনের অনুমোদন দিয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এটি দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ককে আরও মজবুত করবে।

প্রতিনিধিদলের নেতা মেহমেত আকিফ ইয়িলমাজ রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি বাংলাদেশকে ‘ভ্রাতৃপ্রতিম রাষ্ট্র’ হিসেবে বর্ণনা করেন।

তিনি আশ্বাস দেন যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সব ক্ষেত্রে তুরস্কের পার্লামেন্ট বাংলাদেশের পাশে থাকবে এবং সহযোগিতা অব্যাহত রাখবে।

সাক্ষাতে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনও উপস্থিত ছিলেন