এম এ মান্নান বলেছেন, সরকারি দফতরগুলো নানা ধরনের সাংঘর্ষিক নীতিমালা দিয়ে থাকে। দেখা যায়, একটি নীতিমালার সঙ্গে অন্য নীতিমালার সামঞ্জস্য নেই। এটি হয় দফতরগুলোর সমন্বয়হীনতার কারণে। যার প্রভাব পড়ে ব্যবসা-বাণিজ্যে।
আজ বৃহস্পতিবার মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) মিলনায়তনে ‘বাংলাদেশে আমদানি বিকল্প শিল্প: প্রেক্ষিত হালকা প্রকৌশল’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন মন্ত্রী।
পরিকল্পনামন্ত্রী বলেন, সরকারি বিভিন্ন দফতর যেমন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি), বাংলাদেশ ব্যাংক বা শিল্প মন্ত্রণালয়ের মধ্যে এক ধরনের মতবিরোধ কাজ করে। এসব মতবিরোধে ক্ষতির মুখে পড়েন ব্যবসায়ীরা।
আরও পড়ুনঃ এই দেশে জঙ্গিদের প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি: তথ্যমন্ত্রী
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প সচিব জাকিয়া সুলতানা। তাকে উদ্দেশ করে মন্ত্রী বলেন, নীতিমালা যাচাই-বাছাই করে পরিবর্তনের দায়িত্ব সচিবদের। তারা সাংঘর্ষিক নীতিমালাগুলোকে বাদ দিয়ে একটি স্থিতিশীল ব্যবসার পরিবেশ সৃষ্টি করবে বলে আশা করেন মন্ত্রী।
ব্যবসায়ীদের উদ্দেশ করে তিনি বলেন, মূলত আমরা সবাই ব্যবসায়ী। আমি নিজেও রাজনীতি নিয়ে ব্যবসা করি। আমাদের দুই পক্ষের মধ্যেই একটি গোষ্ঠী একজনকে দমিয়ে আরেকজনের ওপরে উঠতে চায়। এটি সমন্বয় এবং স্থিতিশীলতা নষ্ট করে। এই ধরনের মনোভাব থেকে বের হয়ে আসতে হবে।
সূত্রঃ বাসস

