সরাসরি ব্যাংকে যাবে পেনশনের টাকা



পেনশনের জন্য অবসরপ্রাপ্ত সরকারি চাকুরেদের পেনশন চলে যাবে সরাসরি ব্যাংকে। আর টাকা জমা হলেই পেনশনভোগীকে তা জানিয়ে দেওয়া হবে মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৃহস্পতিবার অর্থমন্ত্রণালয়ের একটি পাইলট প্রকল্পের উদ্বোধন করেছেন, যার আওতায় এ সুবিধা পাবেন সরকারি চাকুরেরা। এছাড়া দেশের সব মানুষের জন্য পেনশনের ব্যবস্থা করতে আগামী বাজেটে একটি রূপরেখা দেওয়ার পরিকল্পনার কথাও অনুষ্ঠানে বলেন অর্থমন্ত্রী মুহিত।
এবিষয়ে, অর্থসচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী জানান, প্রাথমিকভাবে ৫৭ জন পেনশনভোগীর জন্য এ পাইলট প্রকল্প শুরু হয়েছে। বৃহস্পতিবার তারা সবাই টাকা পৌঁছে যাওয়ার এসএমএস পেয়েছেন।পেনশনের জন্য এজি অফিস বা ব্যাংক- কোথাও যেতে হবে না তাদের। যখন ইচ্ছা টাকা তুলতে পারবেন।
অর্থমন্ত্রী বলেন, “দেশের পেনশন ব্যবস্থার সর্বশেষ সংস্কার হয়েছিল ১৯৮৩ সালে। আজ যে পদক্ষেপ নেওয়া হয়েছে তা যুগান্তকারী। এখন থেকে পেনশন ওঠাতে ছোটাছুটি করতে হবে না।”
তিনি বলেন, “এখন ফিলসফি হল, যত সিটিজেনস আছে, সবাইকে একটা সুযোগ করে দিতে হবে। ইট ইজ ইউনিভার্সাল পেনশন, যেটা আমরা মোর অর লেস কমিটেড, ওভার আ পিরিয়ড অব টাইম হয়ত সেটা হবে।”
দেশের সব মানুষকে পেনশন সুবিধার আওতায় আনার লক্ষ্য মাথায় রেখে আগামী বাজেটে ‘ইউনিভার্সাল পেনশন স্কিম’ এর রূপরেখা দেওয়ার ইচ্ছার কথা বলেন অর্থমন্ত্রী মুহিত।
দেশে পেনশনভোগীর সংখ্যা বর্তমানে ৬ লাখ ৫৭ হাজার ২১২ জন। পেনশন অফিস করার জন্য জনপ্রশাসনে প্রস্তাব দেওয়া হয়েছে। ধীরে ধীরে সব কাজই অনলাইনে নিয়ে আসা হচ্ছে।