সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে বিশ্বকাপে ফাহাদ


paperslife

বাংলাদেশের সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে আগামী নভেম্বরে রাশিয়ায় দাবা বিশ্বকাপে খেলতে যাবেন ফাহাদ রহমান। চমক দেখিয়েই সাইফ স্পোর্টিং ক্লাবের ফিদেমাস্টার ফাহাদ জিতে নিয়েছেন এশিয়ান জোনাল ৩.২ দাবা চ্যাম্পিয়নশিপ। এর ফলে মাত্র ১৬ বছর বয়সেই বিশ্বকাপ খেলতে উড়াল দিবেন এই ফিদেমাস্টার।

ষষ্ঠ রাউন্ড পর্যন্ত আধা পয়েন্ট এগিয়ে ছিলেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। তাঁকে সরিয়ে শীর্ষে চলে আসেন আরেক গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব। কাল নবম অর্থাৎ শেষ রাউন্ডে আধা পয়েন্ট এগিয়ে থাকা রাজীবের প্রয়োজন ছিল জয়। তাহলেই চ্যাম্পিয়ন হন এশিয়ান ৩.২ অঞ্চলে।

কিন্তু শেষ রাউন্ডে হেরে যান শেষ দিকে দারুণভাবে ফিরে আসা গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তারের কাছে। রিফাতেরও ছিল চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা। ক্ষণে ক্ষণে রঙ বদলানো টুর্নামেন্টে শেষ মুহূর্তে বাজিমাত ফাহাদ রহমানের।

শেষ রাউন্ডে কালো নিয়ে ৪১ চালে ফাহাদ হারিয়েছেন ফিদে মাস্টার মেহেদি হাসান পরাগকে। ৭ পয়েন্ট সংগ্রহ করে টাইব্রেকিং পদ্ধতিতে শিরোপা জয় করে পেয়েছেন বিশ্বকাপের টিকিট।

৯ ম্যাচে ফাহাদের পয়েন্ট ৭। রিফাতেরও পয়েন্ট ৭। তবে দুজন যাঁদের বিপক্ষে খেলেছেন, তাঁদের গড় রেটিং হিসেবে ফাহাদ বেশি রেটিংয়ের খেলোয়াড়দের সঙ্গে খেলেছেন। তাই তিনি চ্যাম্পিয়ন।