সর্বোচ্চ অবস্থানে অ্যালুমিনিয়ামের দাম



আন্তর্জাতিক বাজারে অ্যালুমিনিয়ামের দামে তেজিভাব বজায় রয়েছে। লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) গতকাল পণ্যটির দাম বেড়ে সাড়ে ছয় বছরের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে। মূলত ডলারের দুর্বল অবস্থান এবং অ্যালুমিনিয়াম উত্তোলন ও সরবরাহকারী রুশ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার জের ধরে আন্তর্জাতিক বাজারে ব্যবহারিক ধাতুটির দামে তেজিভাব দেখা গেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এলএমইতে গতকাল দিন শেষে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি টন অ্যালুমিনিয়াম বিক্রি হয় ২ হাজার ৩৯৯ ডলারে, যা আগের দিনের তুলনায় ৫ শতাংশ বেশি। দিনের শুরুতে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি টন অ্যালুমিনিয়ামের দাম ২ হাজার ৪০৩ ডলারে উঠেছিল। ২০১১ সালের সেপ্টেম্বরের পর এটাই এলএমইতে অ্যালুমিনিয়ামের সর্বোচ্চ দাম। এমনকি গতকাল এলএমইতে ২০১১ সালের নভেম্বরের পর একদিনে অ্যালুমিনিয়ামের সবচেয়ে বেশি দাম বৃদ্ধির রেকর্ড হয়েছে।
সম্প্রতি ‘জঘন্য কর্মকাণ্ডে’ জড়িত রাশিয়ার মতো দেশ থেকে মুনাফা করায় সাত রুশ অভিজাত, ১৭ জন উচ্চপদস্থ কর্মকর্তা, ১২ প্রতিষ্ঠান ও তাদের স্বত্বাধিকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন। এ তালিকায় বিশ্বের বৃহত্তম অ্যালুমিনিয়াম উত্তোলক ও সরবরাহকারী প্রতিষ্ঠান রোসাল পিএলসি ও এর সাবেক প্রেসিডেন্ট ওলেগ দেরিপাস্কাও রয়েছেন। এ নিষেধাজ্ঞার প্রভাবে রোসাল পিএলসির শেয়ারদরে পতন ঘটেছে। বিপরীতে সরবরাহ সংকটের সম্ভাবনা থেকে দাম বেড়েছে অ্যালুমিনিয়ামের।
এ বিষয়ে লন্ডনভিত্তিক ইটিএফ সিকিউরিটিজের পণ্যবাজারবিষয়ক বিশ্লেষক নিতেশ শাহ বলেন, রোসাল পিএলসির বিরুদ্ধে নিষেধাজ্ঞায় খাতসংশ্লিষ্টরা বড় ধরনের ধাক্কা খেয়েছে। আন্তর্জাতিক বাজারে ব্যবহারিক ধাতুটির সরবরাহ সংকটের সম্ভাবনা তৈরি হয়েছে। একই সঙ্গে সিরিয়ায় যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্সের যৌথ সামরিক হামলার পরিপ্রেক্ষিতে সৃষ্ট ভূরাজনৈতিক উত্তেজনার কারণে ডলারের অবস্থান দুর্বল হয়েছে। এসবের জের দরে এলএমইতে অ্যালুমিনিয়ামের দাম আগের তুলনায় বেড়ে সাড়ে ছয় বছরের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে।