সাইবার হামলার শিকার স্ন্যাপচ্যাট




ছবি শেয়ারিং সাইট স্ন্যাপচ্যাটের অর্ধলক্ষাধিক ব্যবহারকারীর তথ্য ফাঁসের খবর প্রকাশ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট দ্য ভার্জ।
প্রতিবেদনে বলা হয়, গত বছরের জুলাইয়ে গোপন তথ্য ফাঁসের হুমকি পেয়ে স্ন্যাপের প্রকৌশল পরিচালক প্রতিষ্ঠানটির কর্মীদের এ নিয়ে ই-মেইল করেন। যুক্তরাজ্যের ডরসেটের একজন সরকারি কর্মকর্তা স্ন্যাপচ্যাট ব্যবহারকারীদের ওপর একটি সাইবার আক্রমণ বিষয়ে তথ্য দেন প্রতিষ্ঠানটির এ প্রকৌশল পরিচালককে। তিনি জানান, কেএলকেভাইরাল ডট অর্গ নামের একটি ফিশিং ওয়েবসাইটে ৫৫,৮৫১টি স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টের তথ্য পাওয়া গেছে, যার মধ্যে ইউজারনেম ও পাসওয়ার্ড রয়েছে।
ভার্জ জানায়, ডমিনিকান রিপাবলিকের সাইবার আক্রমণের ঘটনার সঙ্গে নতুন সাইবার আক্রমণের সাদৃশ্য রয়েছে বলে স্ন্যাপচ্যাট ধারণা করছে। ফাঁস হওয়া অ্যাকাউন্টগুলোর সব তথ্য ঠিক নয়। প্রাথমিক সাইবার আক্রমণ সম্পর্কে জানার পরই স্ন্যাপচ্যাটের মূল প্রতিষ্ঠান স্ন্যাপ বেশির ভাগ অ্যাকাউন্ট রিসেট করে দিয়েছে। তবে কিছু সময়ের জন্য হাজার হাজার স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টের তথ্য একটি ওয়েবসাইটে দেখা গেছে।
স্ন্যাপের এক মুখপাত্র বলেন, ফিশিংয়ের মাধ্যমে কেউ প্রতারিত হয়ে থাকলে আমরা তার জন্য দুঃখ প্রকাশ করছি। স্ন্যাপচ্যাট ব্যবহারকারীরা যাতে তাদের তথ্যগুলো থার্ড পার্টির সঙ্গে শেয়ার করতে না পারে, আমরা সেটি বন্ধ করতে পারি না। তবে যেকোনো ধরনের সন্দেহভাজন কার্যক্রম শনাক্তকরণ ও তা প্রতিরোধে আমরা আগের চেয়ে বেশি শক্তিশালী হয়েছি। আমরা স্ন্যাপচ্যাট ব্যবহারকারীদের শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার, লগইন ভেরিফিকেশন চালু রাখা এবং থার্ড পার্টির অ্যাপ ব্যবহার না করতে পরামর্শ দিয়ে থাকি।