বাংলাদেশ ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক তামিম ইকবালের লাইভ অনুষ্ঠান বেশ জনপ্রিয়তা লাভ করেছে অচিরেই। সেই লাইভ শেষ হতে চলেছে। আগামী শনিবার (২৩ মার্চ) শেষবারের মতো লাইভ আয়োজন করবেন তামিম।
সেই লাইভে যুক্ত হবেন তিন সিনিয়র ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহীম ও মাহমুদউল্লাহ্ রিয়াদ।
তামিম জানিয়েছেন, তার ইচ্ছে ছিলো সিনিয়র পাঁচজন নিয়ে শেষ করবেন এ লাইভ। কিন্তু তা আর সম্ভব হচ্ছে না। ব্যক্তিগত ব্যস্ততার কারণে যুক্ত হতে পারবেন না সাকিব আল হাসান।
সাকিব বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখানে তার সম্প্রতি দ্বিতীয় কন্যা সন্তানের জন্ম হয়েছে।
এছাড়া করোনা মোকাবেলায় ‘দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন’ নিয়ে কাজ করছেন বিশ্বের সেরা এই অলরাউন্ডার। আর সে কারণেই ব্যস্ত সময় পার করা সাকিব হয়ত সময় দিতে পারবেন না।
মুশফিকুর রহিমকে দিয়ে শুরু হওয়া লাইভ অনুষ্ঠানগুলো এর আগে রাত ১০টায় শুরু করেছিলেন তামিম ইকবাল। অনুষ্ঠানে অতিথি হিসেবে এসেছেন মাহমুদউল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মর্তুজা, তাসকিন আহমেদ এবং রুবেল হোসেন।
আজ বৃহস্পতিবার কেন উইলিয়ামসন যুক্ত হয়েছিলেন। গত মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেটের জাতীয় দলের ড্যাশিং ব্যাটসম্যান তামিমের লাইভে এসেছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। ছিলেন বাংলাদেশের সাবেক তারকা খালেদ মাসুদ পাইলট, আকরাম খান এবং মিনহাজুল আবেদীন নান্নুও।
তাছাড়া এসেছিলেন মুমিনুল হক, তাইজুল ইসলাম এবং লিটন দাস। বিদেশিদের মধ্যে আরও ছিলেন ফাফ ডু প্লেসি, রোহিত শর্মা, বিরাট কোহলির মতো তারকা ক্রিকেটাররা।
এ ছাড়া বাংলাদেশের সাবেক তিন ক্রিকেটার খালেদ মাহমুদ সুজন, নাইমুর রহমান দুর্জয় এবং হাবিবুল বাশারকে নিয়ে লাইভ সেশন চালিয়েছিলেন তামিম।

