দীর্ঘ ৭৩ বছর একসঙ্গে ছিলেন তারা। হয়ত আরও কিছু সময় এক সাথে থাকা যেত, কিন্তু তা আর হয়ে উঠেনি। করোনাভাইরাসের কারণে এখানেই ফুলস্টপ সাত দশকের অধিক সময়ের দাম্পত্য জীবন।
মাত্র ছয় ঘণ্টার ব্যবধানে না ফেরার দেশে চলে গেলেন স্বামী-স্ত্রী উভয়ই। করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের উইসকন্সিন হাসপাতালে ভর্তি হয়েছিলেন মেরি কেপলার এবং তার স্বামী ওয়াইল্ডফোর্ড।
করোনায় আক্রান্ত হওয়ায় জীবনের শেষ সময়ও একসঙ্গেই ছিলেন দুজন।
তাদের নাতনি নাতালি লামেকা জানিয়েছেন, এই দম্পতি হাসপাতালে কাছাকাছি বেডেই ছিলেন। এমনকি মারা যাওয়ার আগে একে অন্যকে ভালোবাসার কথাও জানিয়েছিলেন।
লামেকা বলেন, তারা দু’জনে আমাদের পরিবারকে একত্রিত করে রেখেছিল। তারা নেই এটা মেনে নেওয়া আমাদের জন্য সত্যিই খুব কঠিন। স্বামীর মৃত্যুর ৬ ঘণ্টা পরেই মারা যান মেরি কেপলার।
তিনি বলেন, তাদের মৃত্যুর খবর আমাদের জন্য খুবই দুঃখজনক। তবে তারা একে অন্যের হাত ধরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এটা সত্যিই অন্যরকম।

