করোনাভাইরাস প্রতিরোধের একমাত্র উপায় সামাজিক দূরত্ব মেনে চলা।তবে করোনারভাইরাসের বিপদের গুরুত্ব না বুঝেই অনেকেই ভিড়ের মধ্যে গিয়ে বাজার করছেন, কেউ আবার সামাজিক দূরত্ব বজায় রেখেই প্রয়োজনীয় কাজ সারছেন।
এমন পরিস্থিতিতে দুরত্ব বজায় রাখতে অভিনব সব উপায় খুঁজে বের করছেন সাধারণ মানুষ। তেমনই এক ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
সেখানে দেখা যাচ্ছে কিভাবে দূরত্ব বজায় রেখে দুধ বিক্রির ব্যবস্থা করেছেন এক দুধ-ব্যবসায়ী। দেখা যাচ্ছে, হেলমেট পরে রাস্তায় দাঁড়িয়ে এক বিক্রেতা, বাইকে করে দুধের ক্যান নিয়ে বিক্রি করতে বেরিয়েছেন।
মোটরসাইকেলে ছোট বড় মোট চারটি দুধের ক্যান দেখা যাচ্ছে। আর দুধ দেওয়ার জন্য তিনি বাইকের পিছনের সিটের উপর একটি মোটা প্লাস্টিকের পাইপ বেঁধে দিয়েছেন। নিজের দিকের অংশে একটি ফানেল দিয়ে দুধ ঢালছেন।
আর ক্রেতার দিকের অংশে পাইপটির নিচে পাত্র পেতে রয়েছেন এক ব্যক্তি। ফানেলে দুধ ঢালতে পাইপ বেয়ে দিব্বি ক্রেতার পাত্রে চলে যাচ্ছে দুধ।
এমন ব্যবস্থায় ক্রেতা-বিক্রেতার মধ্যে তিন ফুটের বেশিই দূরত্ব থাকছে। তবে টাকা কিভাবে নিচ্ছেন, তা উল্লেখ করা হয়নি টুইটে। হতে পারে তার জন্যও ডিজিটাল বা সংস্পর্শ এড়িয়ে, দূরত্ব বজায় রেখেই লেনদেনের কোনো পথ বেছে নিয়েছেন স্বাস্থ্য সচেতন এই ব্যক্তি।

