মাটিতে পড়ে থাকা অচেতন ব্যক্তি করোনা আক্রান্ত হতে পারেন এমন সন্দেহে এগিয়ে আসলেন না কেউ। এমনই ঘটনা ঘটেছে এবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে মির্জাপুর উপজেলার পোষ্টকামুরী চড়পাড়া এলাকায়। পরে খবর পেয়ে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অচেতন অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায়। এসময় অচেতন ওই ব্যক্তি করোনা আক্রান্ত হতে পারেন এমন সন্দেহে কেউ এগিয়ে আসেননি।
এসময় ওই ব্যক্তির পাশে একটি ব্যাগ ছিল। এই খবর পেয়ে পুলিশ ওই ব্যক্তিকে উদ্ধার করে তার বাড়িতে পাঠিয়ে দেয়। জানা গেছে ওই ব্যক্তির বাড়ি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায়।
এ বিষয়ে গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মতিয়ার রহমান জানান, ধারণা করা হচ্ছে, তাকে নেশাজাতীয় কিছু খাইয়ে তার কাছে থাকা অর্থ ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। পরে তাকে রাস্তার পাশে ফেলে গেছে।
ওই ব্যক্তি গাজীপুর থেকে কুড়িগ্রামে তার বাড়িতে যাচ্ছিলেন। কিছুটা সুস্থ হওয়ার পর তাকে বাড়ির উদ্দেশে পাঠানো হয়েছে।

