সারাদেশে ফণীতে নিহত ৫


paperslife

ঘূর্ণিঝড় ফণীতে দেশের বিভিন্ন জেলায় গাছ ভেঙে ও ঘরচাপা পড়ে অন্তত পাঁচজন নিহত হয়েছেন।

ফনী শুরু হবার পর নোয়াখালীতে দুই শিশু, ভোলায় এক নারী, লক্ষ্মীপুরে এক বৃদ্ধ আর পটুয়াখালীতে নিহত হয়েছেন এক তরুণ।

নোয়াখালীতে ঝড়ে নিহত হয়েছে দুই শিশু। এছাড়া পাঁচ শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মধ্যে চার শতাধিক ঘর পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। সুবর্ণচর উপজেলা নিয়ন্ত্রণকক্ষ থেকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল হাসান জানান, ভোরের দিকে ঘরচাপা পড়ে চরওয়াপদা ইউনিয়নের চর আমিনুল হক গ্রামের আবদুর রহমানের ছেলে মো. ইসমাইল (২) নিহত হয়।

এছাড়া কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ জানান, সকাল ৯টার দিকে গাছের ঢাল পড়ে কাঁকড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আবু হানিফের মেয়ে নাজমুন নাহার (১২) নিহত হয়েছে।

ভোলায় ঘরচাপা পড়ে এক নারী নিহত হয়েছেন। আর শুধু সদর উপজেলায় দুই শতাধিক বাড়িঘর বিধস্ত হয়েছে।

লক্ষ্মীপুরে নিহত হয়েছেন এক বৃদ্ধ। আহত হয়েছে ১০ জন। বিধ্বস্ত হয়েছে তিন শতাধিক ঘরবাড়ি। রামগতি উপজেলা র্নিবাহী র্কমর্কতা (ইউএনও) রফিকুল হক বলেন, ঘরচাপায় চরআলগী ইউনিয়নের নেয়ামতপুর এলাকায় বেয়াইবাড়ি বেড়াতে এসে আনোয়ারা বেগম (৭৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন।

এদিকে পটুয়াখালীর কুয়াকাটার মনসাতলী এলাকায় গাছের ডাল ভেঙে পড়ে আহত হন মোটরসাইকেল আরোহী হাবিবুর রহমান মুসুল্লি (২৫) নামে এক তরুণ।