আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি চার দিন। নারীদের ক্রিকেটের এই মেগা ইভেন্টে বাংলাদেশ নিতান্তই শিশু।
তবুও স্বপ্ন আছে, আছে আশা। সেই আশায় বুক বেঁধে, স্বপ্নের আলো নিয়ে এগিয়ে যেতে চান সালমা খাতুনের দল। আর এই এগিয়ে যাওয়ায় অনুপ্রেরণা হিসেবে কাজ করছে আকবর আলীদের বিশ্বজয়।

বাংলাদেশ নারী দলের অধিনায়ক সালমা খাতুন বলেন, ‘আমাদের অনূর্ধ্ব ১৯ দল বিশ্বকাপ জিতেছে, এটা থেকে প্রেরণা নিয়ে আমরা সামনের দিকে এগুতে চাই। আমরা একটা দুর্দান্ত শুরুর অপেক্ষায় আছি।’
কিছু দিন আগে, এশিয়া কাপে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার সুখস্মৃতি আছে সালমা খাতুনদের। তাতে গা না ভাসিয়ে মেয়েরা এখন নজর দিতে চান শুধু বিশ্বকাপেই।
সালমা বলেন, ‘এশিয়া কাপ অনেক বড় একটি অভিজ্ঞতা। কিন্তু এখন আমাদের নজর শুধু বিশ্বকাপে। আমরা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের দিকে এখন ফোকাস করতে চাই।’
বিশ্বকাপকে কেন্দ্র করে আজ সোমবার ফটোসেশনে অংশ নেন বিশ্বকাপ খেলতে যাওয়া ১০ দলের অধিনায়ক।
সিডনির তারোঙ্গা চিড়িয়াখানায় অধিনায়কদের নিয়ে হয় এই ফটোসেশন। ছবি তোলার পর কথাও বলেন অধিনায়করা। সেখানেই সালমা খাতুন তার এম্ন মনোভাব ব্যক্ত করেন।
দুটি গ্রুপে ভাগ হয়ে বিশ্বকাপে অংশগ্রহণ করছে দলগুলো। এ গ্রুপ থেকে বাংলাদেশের সঙ্গে অন্য দলগুলো হলো অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও ভারত।
বাংলাদেশের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে ২৪ ফেব্রুয়ারি।

