করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় এগিয়ে এসেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। নিজেদের প্রিয় কিছু স্মারক তুলে দিচ্ছেন নিলামে। নিলাম থেকে প্রাপ্ত অর্থের পুরোটাই ব্যয় হবে অসহায় কিছু মানুষের সাহায্যে।
এবার ‘অকশন ফর অ্যাকশন’ এর ফেসবুক পেইজে নিলাম সম্পন্ন হল তাসকিন আহমেদের হ্যাটট্রিক করা বল ও সৌম্য সরকারের একমাত্র টেস্ট সেঞ্চুরি করার পথে ব্যবহৃত ব্যাটটি।
এর আগে সাকিব আল হাসানের বিশ্ব কাঁপানো ব্যাট নিলামে তোলার মাধ্যমে আত্মপ্রকাশ করে ‘অকশন ফর অ্যাকশন’।
নিলামে দুইটি স্মারকেরই ভিত্তি মূল্য নির্ধারিত হয়েছিল ৩ লাখ টাকা করে। একটি বেসরকারি ব্যাংক স্মারক দুটি কিনে নেয় সাড়ে ৮ লাখ টাকায়।
এর আগে একই আয়োজকদের মাধ্যমে সবার আগে নিজের প্রিয় ব্যাট নিলামে তোলেন বাংলাদেশের পোস্টারবয় সাকিব আল হাসান। গতবছর দুর্দান্ত বিশ্বকাপ কাটানোর পথে ব্যবহৃত একমাত্র ব্যাটটি ৫ লাখ টাকা ভিত্তিমূল্যে নিলামে তোলেন বিশ্বসেরা অলরাউন্ডার। যা আমেরিকা প্রবাসী এক বাংলাদেশি কিনে নেয় ২০ লাখ টাকা দিয়ে।

