সিরিয়ার পূর্বাংশে যুক্তরাষ্ট্রের বিমান হামলা ও কামানের গোলায় প্রায় একশ’ সরকারি বাহিনীর সৈন্য নিহত হয়েছে। মার্কিন কর্মকর্তারা নিহতের সংখ্যার এ হিসাব দিয়েছেন।
দেইর আল-জুর অঞ্চলে সিরিয়ান সৈন্যদের একটি হামলার পর ওই পাল্টা হামলা চালানো হয়। সিরিয়ার সৈন্যরা যে বিদ্রোহী স্থাপনাটিতে হামলা চালিয়েছিল সেখানে মার্কিন সামরিক উপদেষ্টারা উপস্থিত ছিলেন।
মার্কিন এক কর্মকর্তা বলেছেন, সিরিয়ার সরকার-পন্থি বাহিনী ২০১৭ সালে ইসলামিক স্টেটের (আইএস) কাছ থেকে ‘সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্স’ (এসডিএফ) এর উদ্ধার করা অঞ্চল দখল করে নেওয়ার চেষ্টা করছে। তারা অবৈধভাবে ইউফ্রেটিস নদীর পূর্বদিকের ভূখণ্ড দখলে নেওয়ার চেষ্টা করেছে।
তিনি বলেন, তারা খুব সম্ভবত খুশামের তেল ক্ষেত্রগুলোর দখল নিতে চাইছে। ২০১৪ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত যেগুলো ছিল আইএস এর রাজস্বের প্রধান উৎস।
সিরিয়া বাহিনী দেইর আল জোর এ বিদ্রোহী দল ‘এসডিএফ’ এর যে সদরদপ্তরে হামলা চালিয়েছিল সেখানে কিছু মার্কিন সেনা উপস্থিত ছিলেন। হামলায় একজন এসডিএফ যোদ্ধা আহত হয়েছে। তবে মার্কিন সেনারা কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন কর্মকর্তারা।
আইএস এর বিরুদ্ধে লড়াইরত যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন কোয়ালিশন বাহিনী এসডিএফ সদরদপ্তরে ‘বিনা উস্কানিতে’ হামলা চালানোর জন্য সিরিয়ার সরকারপন্থি বাহিনীকে দোষারোপ করেছে।
প্রতিরক্ষার খাতিরে পাল্টা ব্যবস্থা নেওয়ার অধিকার আছে জানিয়ে এক বিবৃতিতে মার্কিন বাহিনী বলেছে, “আগ্রাসনের জবাবে কোয়ালিশন এবং এর মিত্র বাহিনীগুলোর প্রতিরক্ষায় কোয়ালিশন বাহিনী হামলাকারী বাহিনীর ওপর বিমান থেকে বোমা হামলা চালিয়েছে।”
