সিরিয়ায় কুর্দি মিলিশিয়াদের বিরুদ্ধে তুরস্কের অভিযানকালে শনিবার সাত তুর্কি সেনা নিহত হয়েছে। এদের মধ্যে একটি ট্যাঙ্কে হামলার ঘটনায় পাঁচ জন নিহত হয়।
২০ জানুয়ারি সিরিয়ান কুর্দিশ পিপল’স প্রোটেকশন ইউনিটস (ওয়াইপিজি)’র মিলিশিয়াদের বিরুদ্ধে তুরস্ক সেনাবাহিনীর অভিযান ‘অলিভ ব্রাঞ্চ’ শুরু হওয়ার পর এটাই একদিনে তাদের সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা।তুরস্ক সংগঠনটিকে সন্ত্রাসী গ্রুপ হিসেবে বিবেচনা করছে।
সর্বশেষ এই প্রাণহানি নিয়ে চলতি অভিযানটিতে এখন পর্যন্ত ১৪ জন তুর্কি সেনা প্রাণ হারাল।
তুরস্ক সেনাবাহিনী ও আঙ্কারা ভিত্তিক মিত্র সিরিয়ান বিদ্রোহীরা ওয়াইপিজিকে আফরিনে তাদের শক্তিশালী ঘাঁটির পশ্চিম সীমান্ত থেকে উচ্ছেদ করতে চাইছে। কিন্তু এখন পর্যন্ত উভয়পক্ষের মধ্যে প্রচন্ড লড়াই চলছে।সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, একজন সৈন্য সংঘর্ষে এবং অপর একজন সীমান্ত এলাকায় নিহত হয়েছে।
পরে অপর এক বিবৃতিতে বলা হয়েছে, তুরস্কের সেনাবাহিনীর একটি ট্যাঙ্কে আরেকটি হামলা চালানো হয়। এতে এর ভেতরে অবস্থানরত সকল সৈন্য নিহত হয়। এর জবাবে তুরস্কের জঙ্গি বিমান ওই এলাকায় ব্যাপক হামলা চালিয়েছে। এতে কুর্দি বিদ্রোহীদের আশ্রয় এবং গোলাবারুদ ও অস্ত্র ভান্ডার ধ্বংস হয়ে গেছে।
