সিলেট জেলায় আক্রান্ত তিন হাজার ছাড়িয়েছে


সিলেট, Sylhet District #paperslife

সিলেটে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে। আর সিলেট বিভাগে এখন করোনা রোগীর সংখ্যা পাঁচ হাজার ৫৭৩ জন।

বৃহস্পতিবার সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে আরও ২৬ জনের ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ৩৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

নতুন করে আক্রান্ত ৬৪ জনের মধ্যে সিলেট জেলার রয়েছেন ৪৪ জন। সবমিলিয়ে এ জেলায় আক্রান্তের সংখ্যা ৩ হাজার ১১ জন।

স্বাস্থ্য বিভাগ সিলেটের বুলেটিন বিশ্লেষণে দেখা যায়, করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় বিভাগের তিন জেলার চেয়ে এগিয়ে আছে সিলেট জেলা। এ জেলায় বৃহস্পতিবার সকাল পর্যন্ত মোট আক্রান্ত ৩ হাজার ১১ জন। মৃত্যু হয়েছে ৭৪ জনের।

বুলেটিন অনুযায়ী, বিভাগের বাকি তিন জেলার মধ্যে সুনামগঞ্জে ১ হাজার ১৩৬ জন, হবিগঞ্জে ৮৬২ জন এবং মৌলভীবাজারে ৬০৮ জন আক্রান্ত হয়েছেন।