মাদারীপুরের শিবচরের করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে ওঠা তিনজন ফের করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তা ছাড়া সেখানে নতুন করে আক্রান্ত হয়েছেন একজন।
দ্বিতীয়বার আক্রান্ত হওয়া তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সেরে ওঠা ইতালিফেরত যুবকের সংস্পর্শে এসেছিলেন। ইতালিফেরত ওই যুবকের স্ত্রী, শ্বাশুরি ও বন্ধু। তবে নতুন করে ওই যুবকের শ্বশুর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
জানা গেছে, এর আগে ইতালিফেরত যুবকের সংস্পর্শে তাঁর স্ত্রী, শাশুড়ি ও বন্ধু করোনায় আক্রান্ত হন। তাঁরা সুস্থ হলে গত মাসের ২৭ তারিখ তাদের ছাড়পত্র দেয়া হয় ও তাঁদের বাড়িতে এক মাসের জন্য কোয়ারেন্টিনে থাকতে বলা হয়। এক মাসের মধ্যে তাঁদের শরীরে আবার করোনাভাইরাসের উপসর্গ দেখা দেওয়ায় আইইডিসিআরে তাঁদের নমুনা পাঠানো হয়। সেখানে আগের তিনজনের (স্ত্রী, শাশুড়ি ও বন্ধু) করোনাভাইরাস পজিটিভ দেখা যায়।
এদের মধ্যে ইতালিফেরত যুবকের শাশুড়ি ও বন্ধুকে সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। আর তাঁর স্ত্রীকে বাড়ি থেকে হাসপাতালে আনা হবে। এ ছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন ইতালিফেরত যুবকের শ্বশুর।
এ বিষয়ে মাদারীপুর হাসপাতাল জানায়, আইসোলেশন ওয়ার্ডে চারজন রয়েছেন। তাঁদের মধ্যে তিনজনই শিবচর উপজেলার। এ ছাড়া সদর উপজেলার এক ব্যক্তি আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছেন।

