মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা নির্যাতনে দেশটির নেত্রী অং সান সু চির নীরব ভূমিকার জন্য তার সমালোচনা করে, আইরিশ সংগীতজ্ঞ ও অধিকারকর্মী বব গেলডফ তাঁর ‘ফ্রিডম অব দ্য সিটি অব ডাবলিন’ পুরস্কার ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছেন। কারণ, একই পুরস্কার পেয়েছিলেন মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চি।
আজ সোমবার গেলডফের ‘ফ্রিডম অব দ্য সিটি অব ডাবলিন’ ফেরত দেওয়ার সিদ্ধান্তের খবর দিয়েছে।
লাইভ এইড নামের একটি সংগঠনের প্রতিষ্ঠাতা গেলডফ এক বিবৃতিতে বলেন, ‘সু চির নামের সঙ্গে আমাদের শহরের নাম জড়িয়ে থাকাটা লজ্জার। আমরা এই লজ্জার ভার বইতে পারি না। আমরা তাঁকে সম্মান দিলাম আর তিনি তাঁর কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের আতঙ্কিত করে লজ্জায় ফেলে দিলেন।’ তিনি রোহিঙ্গাদের প্রতি নির্যাতন বন্ধ করতে সু চির প্রতি আহ্বান জানান। আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের সিটি হলে তিনি পুরস্কারটি ফেরত দেবেন বলেও বিবৃতিতে জানান।
আয়ারল্যান্ডের গায়ক-গীতিকার, অভিনেতা গেডলফ রাজনৈতিক আন্দোলনেও সক্রিয়। ২০০৬ সালে ‘ফ্রিডম অব দ্য সিটি অব ডাবলিন’ সম্মাননা পান তিনি। এই সম্মাননা ২০১২ সালে দেওয়া হয় সু চিকে।
মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা নির্যাতনের কারণে সু চি ইতোমধ্যে তাকে নানা সময়ে দেওয়া বিভিন্ন সম্মাননা হারিয়েছেন। দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের জন্য গণতন্ত্রের নেত্রী হিসেবে বিশ্বে পরিচিতি পাওয়া সু চির নোবেল পদক ফেরত নেওয়ার দাবিও উঠেছে। মিয়ানমারে রোহিঙ্গাদের নির্বিচারে হত্যা-ধর্ষণ, বাড়ি-ঘরে অগ্নিসংযোগের ঘটনায় বিশ্বজুড়ে এখন সমালোচিত সু চি।
