সৌদিতে মিসাইল, টার্গেট মক্কা: সৌদি সেনাবাহিনী




ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক মিসাইল তারা মক্কা নগরীর ৭০ কিলোমিটার দক্ষিণে ভূপাতিত করেছে সৌদি আরবের সেনাবাহিনী। মিসাইলটি পবিত্র শহর মক্কাকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। তবে হুতিরা জানিয়েছে, মিসাইলটি মক্কার কাছে তায়েফ শহরে অবস্থিত সৌদি বিমানঘাঁটি লক্ষ্য করে ছোড়া হয়েছিল।

মুসলমানদের কাছে সবচেয়ে পবিত্র এই শহরে এখন হজ্ব উপলক্ষে হাজার হাজার মানুষ জড়ো হতে শুরু করেছেন।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে যে সৌদি নেতৃত্বাধীন বাহিনীর পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, হজ্ব বানচাল করার লক্ষ্যে শিয়া হুতিদের একটি মরিয়া চেষ্টার অংশ হিসেবে মিসাইলটি ছোড়া হয়েছে। আগামী মাসের শেষের দিকে বাৎসরিক হজ্বের আনুষ্ঠানিকতা শুরু হবে।

হুতি বিদ্রোহীরা এর আগেও সৌদি আরবের ভেতরে মিসাইল ছুড়েছিল এবং বলা হয়েছিল এর কোন কোনটি মক্কার উদ্দেশ্যেই ছোড়া হয়েছিল। গত অক্টোবর মাসে হুতিরা একটি ক্ষেপণাস্ত্র ছোড়ে, যা মক্কার কাছে ভূপাতিত করা হয়। সৌদি আরবের উপসাগরীয় মিত্ররা ঐ হামলার নিন্দা জানিয়েছিল। কিন্তু নতুন হামলাটি হজের আগে একটি হুমকি হিসেবে মনে করা হচ্ছে, কারণ বিশ লক্ষের মতো মানুষ এ সময় মক্কা নগরীতে জমায়েত হওয়ার কথা রয়েছে।

হুতি বিদ্রোহী এবং তাদের সহযোগী – যারা সাবেক প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ’র প্রতি অনুগত ইয়েমেনী সেনাবাহিনীর প্রাক্তন সদস্য – তারা দুই বছর আগে সৌদি আরবের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা শুরু করে।
২০১৫ সালের মার্চে প্রেসিডেন্ট আব্দেরাব্বো মনসুর হাদির সমর্থনে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে অভিযান শুরু করে। মি. হাদির অভিযোগ যে বিদ্রোহীদের সমর্থন দিচ্ছে ইরান। সৌদি আরব ও তার মিত্ররা এই যুদ্ধে জড়িয়ে পড়ার পর এখন পর্যন্ত আট হাজারের বেশী মানুষ মারা গেছে, আহত হয়েছে ৪৪,৫০০।