দুই স্ত্রী নিয়ে সংসার করতে চাওয়াই কি প‌া‌রিবা‌রিক কলহের কারণ?



দুই স্ত্রী নিয়ে সংসার করতে চাওয়াই কি প‌া‌রিবা‌রিক কলহের কারণ?

সামিরার সাথে সংসার করলেও শাবনূরকেও ভালবাসতেন সালমান। দুজনকেই নিয়ে সংসার করতে চেয়েছিলেন সালমান। এর এ নিয়ে প্রায় প্রতিদিনই সামিরার সাথে ঝগড়া হত সালমানের। আর এই  মানসিক যন্ত্রণায় আত্মহত্যা করেছিলেন বলে জানিয়েছেন পিবিআই’র প্রধান বনজ কুমার মজুমদার।

এছাড়া এই তদন্তে সালমান শাহ কে হত্যার কোন প্রমাণ পাওয়া যায়নি।

আজ সোমবার বেলা সাড়ে ১১টায় ধানমন্ডিতে সদর দফতরে সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার।

এ বক্তব্যটি আসলে সালমানের বাসায় রান্নাবান্নার কাজ করা মনোয়ারা বেগমের জবানবন্দি থেকে উঠে এসেছে।

পিবিআই’র প্রধান বলেন, ২০১৬ সালের ২০ ডিসেম্বর আমরা তদন্ত ভার গ্রহণ করি। ২৫ বছর কেটে যাওয়ায় পিবিআই’র অনেক বেশি সময় লেগেছে। এই মামলায় আমরা ৪৪ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করেছি। এরমধ্যে ১০ জনের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়েছে। সেইসাথে একজন সাক্ষীকে অন্তত ১০ বার ডেকে নিয়ে এসেছি।

বনজ কুমার বলেন, সেই সময়ের একটি সুইসাইডাল নোট উদ্ধার করা হয়েছে। আমরা সেটা পরীক্ষা-নিরীক্ষা করেছি। হ্যান্ড রাইটিং এক্সপার্টকে আমরা সুইসাইড নোটটির হাতের লেখা সালমান শাহর বলে চিহ্নিত করেছেন। এছাড়াও, সালমান শাহ যে ফ্যানে ঝুলে আত্মহত্যা করেছেন, আমরা সেটিও জব্দ করেছি।

১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেট জেলায় অবস্থিত জকিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন সালমান। তার পিতা কমর উদ্দিন চৌধুরী ও মাতা নীলা চৌধুরী। তিনি ছিলেন পরিবারের বড় ছেলে। পারিবারিক নাম শাহরিয়ার চৌধুরী ইমন হলেও সিনেমার পর্দায় তিনি ছিলেন সালমান শাহ।

ছোট বেলা থেকে অভিনয়ে আগ্রহী সালমান শাহ ১৯৮৫ সালে বিটিভির ‘আকাশ ছোঁয়া’ নাটক দিয়ে অভিনয়ের যাত্রা শুরু করেন। এরপর বেশ কিছু নাটকে অভিনয়ও করেছেন সালমান। নাটকে কাজ শুরু করার ৭ বছর পর, নায়ক আলমগীরের সাবেক স্ত্রী খোশনুর আলমগীরের সন্ধানে প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহানের হাত ধরে চলচ্চিত্রে অভিনয় করার সুযোগ পান সালমান শাহ।

মৌসুমীর বিপরীতে অভিনয় করে নিজের প্রথম ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমায় সাড়া ফেলেন। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি সালমান শাহকে, চলচ্চিত্র জীবনে ছুঁয়ে গেছেন জনপ্রিয়তার সবটুকু আকাশ।

পরবর্তীতে শাবনূরের সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন ১৪টি সিনেমায়। উপহার দিয়েছেন বাংলা সিনেমার অন্যতম সেরা সময়। তবে ক্যারিয়ারের সেরা সময়ে মাত্র ২৪ বছর বয়সে ১৯৯৬ সালের ৬ই সেপ্টেম্বর শুক্রবারের সকালে রহস্যজনক এক কারণে জীবন সংসারের ইতি টানেন সালমান শাহ। রাজধানী ঢাকার ইস্কাটনে নিজ বাস ভবনে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়।

সে সময় এ বিষয়ে অপমৃত্যুর মামলা দায়ের করেছিলেন তার বাবা প্রয়াত কমরউদ্দিন আহমদ চৌধুরী। পরে ১৯৯৭ সালের ২৪ জুলাই ছেলেকে হত্যা করা হয়েছে অভিযোগ করে মামলাটিকে হত্যা মামলা করার আবেদন জানান তিনি।

এরপর অপমৃত্যু মামলার সাথে হত্যাকাণ্ডের অভিযোগের বিষয়টি একসঙ্গে তদন্ত করতে সিআইডিকে নির্দেশ দেন আদালত। ১৯৯৭ সালের ৩ নভেম্বর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয় সিআইডি। চূড়ান্ত প্রতিবেদনে সালমান শাহের মৃত্যুকে আত্মহত্যা বলে উল্লেখ করা হয়। ২৫ নভেম্বর ঢাকার সিএমএম আদালতে চূড়ান্ত প্রতিবেদন গৃহীত হয়।

সিআইডির প্রতিবেদন প্রত্যাখ্যান করে তার বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী রিভিশন মামলা দায়ের করেন। ২০০৩ সালের ১৯ মে মামলাটি বিচার বিভাগীয় তদন্তে পাঠায় আদালত। এরপর প্রায় ১৫ বছর মামলাটি বিচার বিভাগীয় তদন্তে ছিল।

২০১৪ সালের ৩ আগস্ট ঢাকার সিএমএম আদালতের বিচারক বিকাশ কুমার সাহার কাছে বিচার বিভাগীয় তদন্তের প্রতিবেদন দাখিল করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক। এ প্রতিবেদনে সালমান শাহের মৃত্যুকে অপমৃত্যু হিসেবে উল্লেখ করা হয়।

২০১৪ সালের ২১ ডিসেম্বর সালমান শাহের মা নীলা চৌধুরী ছেলের মৃত্যুতে বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান এবং ওই প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দেবেন বলে আবেদন করেন।

২০১৫ সালের ১০ ফেব্রুয়ারি নীলা চৌধুরী ঢাকা মহানগর হাকিম জাহাঙ্গীর হোসেনের আদালতে বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদনের বিষয়ে নারাজির আবেদন দাখিল করেন। নারাজি আবেদনে উল্লেখ করা হয়, আজিজ মোহাম্মদ ভাইসহ ১১ জন তার ছেলে সালমান শাহের হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারেন।

এরপর মামলাটি র‍্যাব তদন্ত করে। র‍্যাবের তদন্তের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ গত বছরের ১৯ এপ্রিল মহানগর দায়রা জজ আদালতে একটি রিভিশন মামলা করে।

২০১৬ সালের ২১ আগস্ট ঢাকার বিশেষ জজ ৬-এর বিচারক ইমরুল কায়েস রাষ্ট্রপক্ষের রিভিশনটি মঞ্জুর করেন এবং র‍্যাবকে মামলাটি আর না তদন্ত করার আদেশ দেন। তারপর মামলাটির তদন্তভার যায় পিবিআইয়ের হাতে। দীর্ঘ তদন্তের পর সালমানের আত্মহত্যার বিষয়টি জানায় পিবিআই।

উল্লেখ্য যে, ৪ বছরে ক্যারিয়ারে মাত্র ২৭টি সিনেমার নায়ক সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত ছবির মাধ্যমে তার চলচ্চিত্রে অভিনয়জীবন শুরু এবং বুকের ভেতর আগুন চলচ্চিত্রের মাধ্যমে সমাপ্তি। এই অভিনেতা সর্বমোট ২৭টি চলচ্চিত্রে অভিনয় করেন। এই সময়ের মধ্যেই বাংলাদেশের চলচ্চিত্রের অন্যতম শ্রেষ্ঠ নায়ক হয়ে উঠেছিলেন সালমান শাহ।