স্পিন কোচ হিসেবে প্রথম পছন্দ অস্ট্রেলিয়ার স্টুয়ার্ট ম্যাকগিল, সেটি কিছুদিন আগেই জানিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সভাপতি নাজমুল হাসান পাপন। বিসিবি’র অন্যতম সদস্য আকরাম খানের কথায় অনেকটাই নিশ্চিত, সাকিব-মিরাজ-তাইজুলদের কোচ হয়েই আসছেন অস্ট্রেলিয়ায় সাবেক এই লেগ লেগ স্পিনার।
গত বছরের জুলাইয়ে রুয়ান কালপাগের বিদায়ের পর থেকে বাংলাদেশের ক্রিকেটে স্পিন কোচের পদটা শূন্যই আছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের আগেই স্পিন কোচ নিয়োগ দেওয়ার ইচ্ছা বিসিবির। সে হিসেবে চেষ্টাও চালাচ্ছে এদেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। ম্যাকগিলও আগ্রহী বাংলাদেশের কোচ হতে বলে জানান বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান। তবে তার কথায় একটা ‘যদি’ও আছে, ‘ওর ছাড়পত্রের (ক্রিকেট অস্ট্রেলিয়া থেকে) জন্য আমরা অপেক্ষা করছি। চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব ম্যাকগিলকে আনার। যা দেরি হচ্ছে সেটা ওর (ছাড়পত্রের) জন্যই। সে নিজেও অবশ্য চেষ্টা করছে। কবে আসবে সেটা তাই বলা মুশকিল। তবে সে বাংলাদেশের (স্পিন) কোচ হতে দারুণ আগ্রহী।’
আপাতত তিন মাসের জন্য তাঁকে নিয়োগ দিতে চাইছে বিসিবি। পরবর্তীতে পারফরম্যান্সের ভিত্তিতে তাঁকে ভালো মনে হলে পরে বাড়ানো হবে চুক্তির মেয়াদ। ৪৪ টেস্ট খেলা ম্যাকগিল ক্যারিয়ার ছিল শেন ওয়ার্নের ছায়ায় ঢাকা। তারপরও ২০৮ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার অন্যতম সেরা লেগ স্পিনার ছিলেন তিনি।
