ডলারের অবস্থান আগের তুলনায় শক্তিশালী হওয়ার জের ধরে স্বর্ণের দামে মন্দাভাব দেখা দিয়েছে। আন্তর্জাতিক বাজারে গতকাল মূল্যবান ধাতুটির দাম আগের দিনের তুলনায় কমেছে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ ছয় বিশ্বশক্তির সই হওয়া পারমাণবিক চুক্তি বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পর পরই ডলারের অবস্থান শক্তিশালী হওয়ার বিপরীতে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে মন্দাবস্থা দেখা দেয়।
গতকাল যুক্তরাষ্ট্রের স্পটমার্কেটে প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হয় ১ হাজার ৩০৫ ডলার ১৬ সেন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ৬৫ শতাংশ কম। একইভাবে জুনে সরবরাহের চুক্তিতে প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হয় ১ হাজার ৩০৫ ডলার ৭০ সেন্টে। আগের দিনের তুলনায় ভবিষ্যতে সরবরাহের চুক্তিতে স্বর্ণের দাম কমেছে দশমিক ৬ শতাংশ।
এ বিষয়ে মেলবোর্নভিত্তিক অস্ট্রেলিয়া অ্যান্ড নিউজিল্যান্ড ব্যাংকিং গ্রুপের বিশ্লেষক ড্যানিয়েল হাইনেস বলেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরান চুক্তি বাতিল করার পর পরই ডলারের অবস্থান শক্তিশালী হতে শুরু করে। এর পরিপ্রেক্ষিতে স্বর্ণের বাজারে মন্দাভাব দেখা দেয়। আগামী দিনগুলোয় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে ওঠানামা ভূ-রাজনৈতিক ইস্যুর ওপর নির্ভর করবে।
সিঙ্গাপুরভিত্তিক ব্রোকারেজ হাউজ ফিলিপ ফিউচার্সের বিশ্লেষক বেঞ্জামিন লু বলেন, চুক্তি বাতিলের পরবর্তীতে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এখনই কোনো পূর্বাভাস দেয়া যাচ্ছে না। তাই আগামী দিনগুলোয় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় ধরনের উত্থান-পতন, যেকোনো কিছুই ঘটতে পারে।
