স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে সুইজারল্যান্ড যাচ্ছেন তিনি




দীর্ঘ জীবন চায় না এমন মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া দুষ্কর। সাধারণত দীর্ঘ জীবন লাভকে আশীর্বাদ হিসেবেই গণ্য করা হয়। তবে অস্ট্রেলিয়ার বিজ্ঞানী ডেভিড গুডঅল তার দীর্ঘজীবনকে অভিশাপ মনে করছেন। আর তাই জীবন থেকে পরিত্রাণ চাচ্ছেন তিনি।
বিজ্ঞানী গুডঅলের বয়স ১০৪ বছর। বয়স ১০৪ বছর হলেও তিনি এখনো শারীরিকভাবে বেশ সুস্থ আছেন। তবুও তিনি আর বেঁচে থাকতে চান না। সেজন্য স্বেচ্ছামৃত্যু বেছে নিতে তিনি সুইজারল্যান্ড যাচ্ছেন এই বিজ্ঞানী।
তিনি মনে করেন, এ বয়সে তার কোন স্বাধীনতা নেই। অন্যের উপর তাকে নির্ভর করতে হয়। এমনকি এতদিন বেঁচে থাকার জন্য অনুতপ্ত তিনি।
গত বছর জন্মদিনের পালনের সময় গুডঅল বলেন, ‘এ বয়স পর্যন্ত পৌঁছানোর জন্য আমি নিজেই অনুতপ্ত হচ্ছি। আমি ভালো নেই। আমি মারা যেতে চাই’।
তবে তার দেশ অস্ট্রেলিয়ায় একটি মাত্র রাজ্য ছাড়া অন্য কোথাও স্বেচ্ছামৃত্যুর বিধান নেই। এ বিষয়টিকে খুব বেদনাদায়ক বলে মনে করছেন ১০৪ বছর বয়সী গুডঅল। সেজন্য স্বেচ্ছামৃত্যুর জন্য তিনি সুইজারল্যান্ডের একটি ক্লিনিকে যাচ্ছেন।
লন্ডনে জন্ম নেয়া গুডঅল অস্ট্রেলিয়ার পার্থে একটি ছোট অ্যাপার্টমেন্টে থাকতেন। ১৯৭৯ সালে তিনি পূর্ণকালীন কাজ থেকে অবসর নেন। কিন্তু এরপরও তিনি মাঠ পর্যায়ের গবেষণার সাথে ব্যাপকভাবে জড়িত ছিলেন। তিনি অস্ট্রেলিয়ার এডিথ কাওয়ান বিশ্ববিদ্যালয়ে বিনা বেতনে গবেষণা করতেন। তার বয়স বেশি হয়ে যাবার কারণে বিশ্ববিদ্যালয়ে আসা-যাওয়া এবং কাজ করার ক্ষেত্রে নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে। সেজন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে বলেছিল বাসায় বসে কাজ করার জন্য। কিন্তু গুডঅল ১০২ বছর বয়সে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এ ধরনের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে মামলা করেন। মামলার রায় তার পক্ষে আসে।
গত ৭০ বছরে গুডঅল ১০০’র বেশি গবেষণা প্রবন্ধ লিখেছেন। বেশি বয়স হয়ে যাবার কারণে গুডঅলকে গাড়ি চালানো ছাড়তে বাধ্য করা হয়েছে। তিনি একসময় থিয়েটারের সাথেও জড়িত ছিলেন। কিন্তু বয়সের কারণে সেটিও তাকে ছাড়তে বাধ্য করা হয়।
এসবের পরেও গুডঅলের স্বেচ্ছামৃত্যু বেছে নেবার নেবার পেছনে আরেকটি কারণ আছে। গত বছর তিনি তাঁর অ্যাপার্টমেন্টে পড়ে যান। এরপর দুইদিন পর্যন্ত তিনি নিখোঁজ ছিলেন।
চিকিৎসকরা বলেছেন, এমন অবস্থায় তার সেবা দেবার জন্য ২৪ঘণ্টা একজনকে থাকতে হবে নতুবা তাকে একটি নার্সিং কেয়ারে স্থানান্তর করতে হবে। কিন্তু তিনি সেটা চাননি। গুডঅলের সাথে তার পুরনো বন্ধুদের এখন আর দেখা হয়না। চলাচল সীমিত হয়ে গেছে তার।
এমন অবস্থায় বেঁচে থাকার কোন অর্থ খুঁজে পাচ্ছেন না তিনি। আর তাই হয়ত এমন সিদ্ধান্ত নিয়েছেন গুডঅল।