নিসাঙ্গা মায়াদুনে এখন শুধুই স্মৃতি। তাঁর মা শান্তা মায়াদুনে শ্রীলঙ্কার পরিচিত একজন শেফ। পরিবারের সবাইকে সঙ্গে নিয়ে কলম্বোর সাংরি-লা হোটেলে যান শান্তা মায়াদুনে। তিনি রান্না নিয়ে দেশটির টেলিভিশন চ্যানেলে অনুষ্ঠান করেন।
ইস্টার সানডে উপলক্ষে পরিবার নিয়ে সকালের নাস্তা করেন শান্তা। মেয়ে নিসাঙ্গা মায়াদুনে পরিবারকে নিয়ে একটি সেলফিও তোলেন। নিসাঙ্গা নিজের ফেসবুকে পোস্ট করেন।
নিসাঙ্গার সেই ছবিতে দেখা যায় সবাই নাস্তা করছেন আর সবার মুখেই হাসি। নিসাঙ্গার হাসিটিই যেন ছিল সবচেয়ে বেশি প্রাণোচ্ছল।কে জানত এটাই নিসাঙ্গার শেষ হাসি।
রোববার সকাল ১১টা ১৭ মিনিটে নিসাঙ্গা ছবিটি ফেসবুকে পোস্ট করেন। সেখানে লেখা ছিল ‘ইস্টার ব্রেকফাস্ট উইথ ফ্যামিলি।’
সেই হোটেলেই ঘটে ভয়াবহ বিস্ফোরণ। শান্তা আর তাঁর মেয়ে নিসাঙ্গা ঘটনাস্থলেই মারা যান। সংবাদ মাধ্যম সিএনএন ওই ছবিটি প্রকাশ করে। নিসাঙ্গার ওই পারিবারিক সেলফিটি দ্রুত ভাইরাল হয়ে যায়।
শান্তা মায়াদুনে রান্নায় বেশ পারদর্শী ছিলেন। অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং ভারতে রান্না বিষয়ে পড়াশোনা করেছেন তিনি। ওই বিষয়ে তাঁর দুটি বইও আছে।
গত রোববার ছিল ইস্টার সানডে। বহু খ্রিস্ট ধর্মাবলম্বী গির্জায় জড়ো হয় সকালেই। ওই সময়ই শ্রীলঙ্কায় তিনটি গির্জা ও তিনটি হোটেলসহ অনেক জায়গায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।
শুধু তাই নয় সাংরি-লা হোটেলের মতো একাধিক হোটেলেও বোমা বিস্ফোরিত হয়। মা শান্ত মেয়ে নিসাঙ্গা এখন শুধুই স্মৃতি।

