আজ মঙ্গলবার এসব দুর্ঘটনা ঘটে। এ নিয়ে আজ পর্যন্ত ২৩১ দিনে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ২ হাজার ২৩৮ জন।
সিরাজগঞ্জ: জেলার বেলকুচিতে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রীসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও তিনজন। নিহত ব্যক্তিরা হলেন বেলকুচি উপজেলার দেলুয়া ঈদগাহ মাঠ এলাকার আলমগীর হোসেনের ছেলে রাব্বি হোসেন (৪০) ও এনায়েতপুরের স্কুলছাত্রী রিমা খাতুন। মঙ্গলবার বিকেল পৌনে চারটার দিকে সিরাজগঞ্জ-বেলকুচি আঞ্চলিক সড়কের তামাই বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বেলকুচি থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ শহরে সিএনজি ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। তাঁরা হলেন পাকুন্দিয়া বাজারের মৃত ফালান মিয়ার ছেলে স’মিল ব্যবসায়ী মফিজ উদ্দিন (৫২) ও মির্জাপুর এলাকার গিয়াস উদ্দিনের ছেলে মুদি ব্যবসায়ী মিলন মিয়া (৫০)। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন সিএনজিচালক পাশা (৩৫)। কিশোরগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার শওকত জাহান জানান, দুর্ঘটনাকবলিত সিএনজি ও পিকআপ জব্দ করে সদর থানায় নেওয়া হয়েছে। তবে পিকআপের চালক পালিয়ে গেছেন। এ বিষয়ে মামলা করার প্রস্তুতি চলছে।
জয়পুরহাট: জয়পুরহাট-মঙ্গলবাড়ি সড়কের জয়পুরহাট পৌর এলাকার শিল্পকলা একাডেমির কাছে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে রাস্তার পাশে পড়ে যায়। এ ঘটনায় ঘটনাস্থলে এক নারী ও জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অপর এক নারী মারা যান। আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ১০ জন। নিহত ব্যক্তিরা হলেন নওগাঁ জেলার ধামুইরহাট উপজেলার গাঙ্গরা গ্রামের আফরোজা বেগম (৫৫) ও চানকুড়ি গ্রামের তাজনুর বেগম (৩৫)। জয়পুরহাট সদর থানার পরিদর্শক (তদন্ত) মমিনুল হক হতাহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
খাগড়াছড়ি: শহরের শাপলা চত্বরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঢাকা ইপিজেডের কর্মী জেসমিন চাকমা নিহত হয়েছেন। তিনি খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া নুনছড়ি কেতুচন্দ্র পাড়ার স্মৃতি বিকাশ চাকমার স্ত্রী। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আবদুল হান্নান জানান, নিহত ব্যক্তির লাশ খাগড়াছড়ি সদর হাসপাতালে রাখা হয়েছে। বিসমিল্লাহ ট্রান্সপোর্টের ট্রাকসহ চালক মো. ফারুককে আটক করেছে পুলিশ।
বাঁশখালী (চট্টগ্রাম): বাঁশখালীর গন্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনা এলাকায় মোটরসাইকেল চালানো শেখার সময় রাস্তার পাশে খাদে পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। বাঁশখালী থানার উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান কায়কোবাদ জানান, মঙ্গলবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই আবদুল মান্নান (৩২) মারা যান। বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ‘মোটরসাইকেল চালানো শেখার সময় খাদে পড়ে তাঁর মৃত্যু হয়েছে।’
মাদারীপুর: জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে উল্টো পথে আসা যাত্রীবাহী বাসের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত হন। তাঁরা হলেন মাদারীপুর সদর উপজেলার মিঠাপুর গ্রামের ফরহাদ হোসেন (৩৮) ও তাঁর শাশুড়ি রাজৈরের নিসাবদী গ্রামের স্বরূপা বেগম (৫০)। এ ঘটনায় আহত হয়েছেন নয়জন। আহত ব্যক্তিদের মধ্যে চারজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মাদারীপুরের পুলিশ সুপার সারওয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নবাবগঞ্জ (ঢাকা): যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় একটি নছিমন উল্টে মিঠুন (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মাঝিরকান্দা চালনাই ইটখোলার সামনে এ দুর্ঘটনা ঘটে। মিঠুন দোহার উপজেলার চর লটাখোলা এলাকার বাসিন্দা। নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, ‘এখনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে লাশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হবে।’
কুষ্টিয়া: জেলার মিরপুর উপজেলায় আমলা ইউনিয়নের অঞ্জনগাছী গ্রামে পণ্যবোঝাই ট্রাক উল্টে রাসেল আহমেদ (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। রাসেল ওই ট্রাকের চালকের সহকারী ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মুরগির খাদ্যবোঝাই ট্রাকটি অঞ্জনগাছী হয়ে ধলসা বাজারের দিকে যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারালে পাশের ধানখেতে উল্টে যায় ট্রাকটি। এতে ট্রাকে থাকা বস্তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই চালকের সহকারী নিহত হন। মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
