সড়ক পরিবহন আইন কার্যকরে হাইকোর্টের রুল জারি


paperslife

‘সড়ক পরিবহন আইন-২০১৮’ কার্যকর করতে গ্যাজেট প্রকাশ করার জন্য রুল জারি করেছেন হাইকোর্ট। সম্প্রতি এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করে।

হাইকোর্ট বেঞ্চ দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলেছে কেবিনেট সচিব, রাষ্ট্রপতি সচিবালয়ের সচিব, প্রধানমন্ত্রী সচিবালয়ের সচিব, জনপ্রশাসন সচিব, লেজিসলেটিভ বিভাগের সচিব, সংসদবিষয়ক সচিব, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে।

রিটের পক্ষের আইনজীবী জানান, ‘সড়ক পরিবহন আইন-২০১৮’ কার্যকর করতে গ্যাজেট প্রকাশে বিবাদীদের ব্যর্থতা কেন অবৈধ হবে না এবং আইন কার্যকর করতে গ্যাজেট প্রকাশে কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে ভারপ্রাপ্ত সেক্রেটারি আইনজীবী সরওয়ার আহাদ চৌধুরী, সুপ্রিমকোর্টের আইনজীবী একলাস উদ্দিন ভূঁইয়া ও আইনজীবী রিপন বাড়ৈ গত মঙ্গলবার এই রিট করেন।

গত ১০ এপ্রিল হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে ‘সড়ক পরিবহন আইন-২০১৮’ কার্যকর করতে সাত দিনের মধ্যে গ্যাজেট প্রকাশের জন্য সরকারের আট সচিবকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছিল।

নানা রকম অসঙ্গতির জন্য হাইকোর্ট রুল জারি করছেন সচিবদের উপর। সচিবদের জবাবের উপর ভিত্তি করে জানা যাবে কি ঘটবে দুই সপ্তাহের মধ্যে।