ভিসার জন্য ধর্ম মন্ত্রণালয়ের সময় বাড়ানোর আবেদন মঞ্জুরের আনুষ্ঠানিক কোনো তথ্য দেয়নি সৌদি দূতাবাস। ধর্ম মন্ত্রণালয় বলছে, দূতাবাস ভিসার কাজ চালিয়ে যেতে বলেছে।
আশকোনার হজ্জ কার্যালয়ের পরিচালক মো. সাইফুল ইসলাম বলেন, সৌদি দূতাবাসে হজযাত্রীদের ভিসা নিতে পাসপোর্ট জমা দেওয়ার শেষ দিন ছিল গতকাল বৃহস্পতিবার। ধর্ম মন্ত্রণালয় এই সময় বাড়ানোর আবেদন করে।
ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বজলুল হক হারুন বলেন, ‘সৌদি দূতাবাস সময় বাড়ানোর আবেদন মঞ্জুরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায়নি। দূতাবাস জানিয়েছে, ভিসার কাজ চালিয়ে যেতে। রোববার পর্যন্ত সময় আছে। আমরা শনিবারের মধ্যে কাজ শেষ করতে চাচ্ছি।’
হজ্জ কার্যালয়ের পরিচালক বলেন, ‘সৌদি দূতাবাস না করেনি। আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। আমরা শনিবারের মধ্যে সব কাজ শেষ করব।’
হজ্জ কার্যালয় বলছে, এ পর্যন্ত ভিসা হয়েছে এক লাখ ২২ হাজার ৮৬১ জন হজ্জযাত্রীর। আর এখনো পর্যন্ত ভিসা হয়নি ৪ হাজার ৩৩৭ জন হজ্জযাত্রীর। সৌদি ই-হজ্জ পোর্টালের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত বাংলাদেশ থেকে ৬৯ হাজার ৪৬০ জন হজ্জযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। চলতি বছর এক লাখ ২৭ হাজার ১৯৮ জনের পবিত্র হজ্জ পালন করতে যাওয়ার কথা।
এদিকে আজ সকাল ৭টা ৩৫ মিনিটের একটি হজ ফ্লাইট বাতিল করা হয়েছে। ১১টা ৫৫ মিনিটের একটি ফ্লাইটের সময় পিছিয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ বলেন, যাত্রী সংকটের কারণে এই হজ্জফ্লাইট বাতিল ও স্থগিত করতে হলো।
