করোনা রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল হবে রাজধানী ঢাকায়, এমন খবর ছড়িয়ে পড়েছিল সামাজিক মাধ্যমগুলোতে। তবে তা আদতে সম্ভব হবে কিনা তা নিয়ে দেখা গেছে সংশয়।
কেননা, এমন মহান উদ্যোগ নেওয়া দেশের অন্যতম শীর্ষ করপোরেট প্রতিষ্ঠান আকিজ গ্রুপের সামনে এর বিরুদ্ধে বিক্ষোভ করেন এলাকাবাসী।
এর ফলে হাসপাতাল বানানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে প্রতিষ্ঠানটি। বিক্ষোভের মুখে ওই এলাকায় নিজের জমির মালিকানার সাইনবোর্ডের নিচে তাৎক্ষণিক হার্ডবোর্ডে ‘কাজ বন্ধ ঘোষণা করা হলো’ লেখা টানিয়ে দেয় আকিজ গ্রুপ।
শনিবার (২৮ মার্চ) দুপুরে প্রতিষ্ঠানটির সামনে পাঁচ শতাধিক ভাড়াটিয়া-বাসিন্দা এসে বিক্ষোভ করেন বলে জানা যায়। তাদের বিরুদ্ধে ভাঙচুরেরও অভিযোগ পাওয়া যায়।
পুলিশের কাছ থেকে জানা যায়, আকিজ গ্রুপের পক্ষ থেকে বলা হয়েছে সেখানে হাসপাতাল নয় এখানে কোয়ারেন্টাইনের জন্য ভবন হচ্ছে।
আরও জানা যায়, করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসায় হাসপাতাল বানাচ্ছে আকিজ গ্রুপ এমন খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী ও স্থানীয়রা প্রতিষ্ঠানটির সামনে বিক্ষোভ করে। তারা এমন কোনো হাসপাতাল হতে দেবে না, এমনটাই দাবি তাদের।

