শিশুমুখে আধোআধো কথা কতই না সুমধুর লাগে! কিন্ত সেই শিশুই যদি হয় ১০৬টি ভাষায় পারদর্শী? নাহ এটি কোনো গুজব নয়।
৮ বছর বয়সী নিয়াল থোগুলুভা চেন্নাইয়ের নাগরিক। এতটুকু বয়সেই সে ১০৬ টি ভাষায় পড়তে এবং লিখতেও পারে।
জ্ঞানের অন্যতম এবং বৃহৎ ভান্ডার ইন্টারনেটের ইউটিউবকে ব্যবহার করে অসম্ভবকে সম্ভব করেছে এই শিশু। তার এই অসামান্য মেধা আশ্চর্য করেছে পৃথিবীকে।
ভারতে প্রচলিত প্রধান ভাষাগুলো ছাড়াও নিয়াল ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট (আইপিএ) শিখেছে। পাশাপাশি বিভিন্ন ভাষার উচ্চারণ প্রণালী নিজে শিখে নিজের বাবা-মাকেও শিখিয়েছে সে।
এক সাক্ষাৎকারে নিয়াল জানায়, ‘আমি এখন ১০৬টির বেশি ভাষা পড়তে ও লিখতে পারি। এবং ১০টি ভাষায় স্বাচ্ছন্দ্যে কথা বলতে পারি। তবে ভাষার প্রতি আমার আগ্রহ কী ভাবে জন্মালো তা আমি জানি না। বর্তমানে আমি আরও পাঁচটি ভাষা শেখার চেষ্টা চালাচ্ছি।’
এতটুকু বয়সে ভাষার উপর ছেলের এরূপ পারদর্শিতায় প্রচণ্ড খুশি বাবা শংকর নারায়ণ। ‘গত বছরের শুরুর দিকে নিয়ালের ভাষার প্রতি আগ্রহ জন্মায়। তার পর থেকেই সে নিরলসভাবে একের পর এক ভাষা শিখে চলেছে’, এমনটাই তিনি এক সংবাদ মাধ্যমের নেয়া সাক্ষাৎকারে জানান।

