২০১১ বিশ্বকাপ! মাশরাফির স্বপ্নের বিশ্বকাপ। দেশের মাটিতে অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপ খেলার স্বপ্নে বিভোর মাশরাফিকে সেদিন দলে রাখা হয়নি। ইনজুরির অজুহাত দেখিয়ে বাদ দেওয়া হয়েছিল তাকে।
কেন বাদ পড়েছেন দল থেকে? গতরাতে তামিম ইকবালের সঙ্গে এক ফেসবুক আড্ডায় সেটি ব্যাখ্যা দিয়েছেন ‘নড়াইল এক্সপ্রেস’ খ্যাত মাশরাফি।
তামিম ইকবালের শেষ লাইভে অতিথি মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমের সঙ্গে ছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি। তিনি বলেন, ‘প্রথম বিষয় হচ্ছে আমার একটাই স্বপ্ন ছিল দেশের মাটিতে বিশ্বকাপ খেলার। যখন শুনলাম বাংলাদেশে ওয়ার্ল্ড কাপ হবে তখন ব্যাপারটা আরও বেশি হয়ে যায়। সবার জন্য স্বপ্ন থাকে নিজ দেশে বিশ্বকাপ খেলা। আমি আমার লাইফে দুইবার খুব ইমোশনাল হয়ে গিয়েছিলাম। তার মধ্যে একবার ২০১১ ওয়ার্ল্ড কাপে।’
তার বাদ পড়ার পেছনে ছিল ফিজিও মাইকেল হেনরির বড় ভুল। মাশরাফির মেডিকেল রিপোর্ট সে পুরোটা না পড়েই পাঠিয়ে দিয়েছিল নির্বাচকদের কাছে।
মাশরাফি জানান, ‘তখন সে (মাইকেল হেনরি) বলল নাহ, আমিতো পুরোটাই লিখে পাঠিয়েছি। তখন আমি হেনরিকে যখন বললাম; তখন সে বললো, দেখ তুমি মোবাইল চেক করে। পরে আমি যেটা দেখলাম, সে (হেনরি) আর নিচে যে রিড মোর অপশন থাকে সেখানে যায়নি। এরপর সে আমাকে সরি বলেছে। কিন্তু ওর সাথে তখন আর ঝামেলা করে তো লাভ নেই। মূলত আমি যেটা বললাম; আমার ফ্যামিলিকে ব্যাক পাবো দেখেই এসব আমার সাথে ঘটেছে। আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন।’

