রবিবার (৯ ফেব্রুয়ারি) সকালে থাইল্যান্ডে এক থাই সেনার এলোপাথাড়ি গুলিতে কমপক্ষে ২১ জন নিহত হওয়ার ঘটনায় অভিযুক্ত সেনাসদস্য জাকরাপান্থ থোমা নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।
থাইল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। সংবাদ সংস্থা রয়টার্সও এ তথ্য জানিয়েছে।
থাইল্যান্ড পুলিশ এবং সেনাবাহিনীর বরাত দিয়ে রয়টার্স জানায়, অভিযানে নিরাপত্তা বাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুই নিরাপত্তা বাহিনীর সদস্য।
উল্লেখ্য, শনিবার (৮ ফেব্রুয়ারি) থাইল্যান্ডের উত্তর-পূর্বে নাখোন রতচসীমা শহরে একটি মন্দিরে ও বিপণীবিতানে এলোপাথাড়ি গুলি চালিয়ে কমপক্ষে ২১ জনকে হত্যা করে জাকরাপান্থ থোমা ।
এর আগে জাকরাপান্থ থোমা একটি সামরিক শিবির থেকে বন্দুক ও গুলি চুরি করার আগে তার কমান্ডিং অফিসারের ওপর হামলা চালান।

