করোনা ভাইরাসের কারণে ২৬ মার্চ স্বাধীনতা দিবসের সব অনুষ্ঠান বাতিল করেছে আওয়ামী লীগ। সোমবার (২৩ মার্চ) সকালে সচিবালয়ে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানান।
ওবায়দুল কাদের বলেন, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে আওয়ামী লীগের কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত ২৬ মার্চ স্বাধীনতা দিবসের সব অনুষ্ঠান বাতিল ঘোষণা করা হয়েছে। দেশের মানুষের নিরাপত্তার কথা ভেবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তিনি বলেন, জনপ্রতিনিধরা করোনা ভাইরাসে স্থানীয়দের সতর্ক করুন। কারো শরীরে করোনা ভাইরাসের উপসর্গ দেখা দিলে সঙ্গে সঙ্গে আমাদের জানান। আমরা তাৎক্ষনিক ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
কাদের আরও বলেন, দেশে বর্তমানে কোনো প্রকার খাদ্য সংকট নেই। অহেতুক কেউ খাদ্য মজুদ করে দেশকে সংকটের মুখে ফেলবেন না। আর যদি কেউ খাদ্য মজুদ করে সেই মজুদকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

