২৭৮ রানের জবাবে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা




টেস্ট সিরিজে নিঃশর্ত আত্মসমর্পণ করায় কাঠগড়ায় উঠেছিল মুশফিকের নেতৃত্ব। প্রশ্ন উঠেছিল বাংলাদেশের ব্যাটিং ফর্ম নিয়েও। দক্ষিণ আফ্রিকা সফরে দুই টেস্টের চার ইনিংসে মুশফিকের ছিল না কোনো ফিফটি। কিন্তু ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই চওড়ায় ব্যাটে সব সমালোচনার জবাব দিলেন মুশফিক। তাঁর ১১৬ বলে ১১০ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে ২৭৮/৭ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করিয়েছে বাংলাদেশ।
ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এটাই সর্বোচ্চ সংগ্রহ বাংলাদেশের। এই ২৭৮ রানের জবাবে দক্কিন আফ্রিকার সংগ্রহ ৪ ওভারে ২০ রান।
টেস্ট সিরিজের বিতর্ক ঘেরা সময়টা পেরিয়ে রঙিন পোশাকের প্রথম ম্যাচেই উজ্জ্বল মুশফিক। উপহার দিলেন দারুণ এক সেঞ্চুরি।
১০ চার ও ২ ছক্কায় ১০৮ বলে মুশফিক ছুঁয়েছেন সেঞ্চুরি। মুশফিকের এটি পঞ্চম ওয়ানডে সেঞ্চুরি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম। দেশের বাইরে মাত্র দ্বিতীয়। দেশের বাইরে আগের সেঞ্চুরিটি ছিল সেই ২০১১ সালে, জিম্বাবুয়েতে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের প্রথম সেঞ্চুরিও এটি। সৌম্য সরকারের ৯০ ছিল আগের সর্বোচ্চ।
এদিকে আজ নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন সাকিব আল হাসান। মাইলফলক ছুঁতে প্রয়োজন ছিল ১৭ রান। তিনে নামা সাকিব আল হাসান সেটি ছুঁয়ে ফেললেন ইনিংসের ২০তম ওভারে। বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ছুঁলেন ৫ হাজার ওয়ানডে রান।
দুইশ উইকেট ছাড়িয়েছেন সাকিব বেশ আগেই। ওয়ানডেতে ৫ হাজার রান ও ২০০ উইকেটের ‘ডাবল’ সবচেয়ে কম ম্যাচে ছুঁলেন সাকিবই, মাত্র ১৭৮ ম্যাচে।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৫০ ওভারে ২৭৮/৭ (ইমরুল ৩১, লিটন ২১, সাকিব ২৯, মুশফিক ১১০*, মাহমুদউল্লাহ ২৬, সাব্বির ১৯, নাসির ১১, সাইফ উদ্দিন ১৬; রাবাদা ৪/৪৩, প্যাটারসন ০/৬৯, তাহির ১/৪৫, প্রিটোরিয়াস ২/৪৮, ফেলুকওয়ায়ো ০/৬০, দুমিনি ০/৮)