করোনা মোকাবেলায় ইতিমধ্যে লকডাউন বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে সরকারিভাবে কোনও ঘোষণা হয়নি। তার আগেই প্রথম রাজ্য হিসেবে লকডাউনের মেয়াদ বাড়াল দেশটির ওড়িশা সরকার।
আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) মন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন বাংলার প্রতিবেশী রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। ভিডিও বার্তায় জানান, করোনাভাইরাস পরিস্থিতিতে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানো হচ্ছে।
তিনি বলেন, ‘আগামী ৩০ এপ্রিল পর্যন্ত আমরা লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। এ বিষয়ে কেন্দ্রের কাছে একটি সুপারিশ পাঠানো হবে।’ ওই সময় পর্যন্ত ওড়িশায় রেল ও উড়ান পরিষেবা বন্ধ রাখার জন্য কেন্দ্রকে অনুরোধ জানিয়েছে ওড়িশা।
এ বিষয়ে দেশটির সরকারের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, আগের মতো কৃষিকাজ, প্রাণীসম্পদ বিকাশ ও ১০০ দিনের কাজ লকডাউনের আওতার বাইরে থাকবে। তবে সামাজিক দূরত্বের বিধি মেনে চলতে হবে। পণ্যবাহী গাড়িও চলাচল করবে বলে জানানো হয়েছে।
সূত্র: পিটিআই

