৩০ বছরের মধ্যে প্রথমবার জাপানে চালকবিহীন ট্রেনে দুর্ঘটনা


paperslife

৩০ বছর আগে জাপানে চালু করা হয় চালকবিহীন ট্রেনের কার্যক্রম। অতীতে কোনো সমস্যা না থাকলেও, প্রথমবারের মত দুর্ঘটনার শিকার হয়েছে জাপানের জনপ্রিয় চালকবিহীন ট্রেন।

জাপানের রাজধানী টোকিওর শহরতলিতে চালকবিহীন ট্রেনটির পাঁচ বগির ট্রেনটি ভুল দিকে চলে গিয়ে এ দুর্ঘটনা ঘটায়। ভুল পথে গিয়ে ট্রেনটি একটি বাফার স্টপে আঘাত হানে।

এএফপির খবরে বলা হয়েছে, এতে আহত হয়েছেন ১৪ জন যাত্রী। স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, দুর্ঘটনায় কয়েকজন গুরুতর আহত হলেও এখনো কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। সংবাদগুলোর মতে, প্রাণঘাতী আঘাত পাননি কোনো যাত্রী।

ট্রেন পরিচালনা কোম্পানির প্রেসিডেন্ট আকিহিকো মিকামি এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ট্রেনটি চলতে শুরু করার পর, ভুল পথে প্রায় ২০ মিটার (৬৫ ফুট) এগিয়ে দেশটির শিন-সুগিতা স্টেশনের বাফার স্টপে আঘাত করে।

মিকামি জানান, এমন দুর্ঘটনার পর কোম্পানি ট্রেনলাইনটি বন্ধ করে দিয়েছে। তবে কবে নাগাদ ট্রেন চলাচল শুরু হবে, তা সঠিকভাবে জানা যায়নি।