৫৫ লাখ টাকা নিয়ে অনন্ত জলিলের মাইক্রোবাস চালক উধাও



বাংলা চলচ্চিত্র প্রাঙ্গনে পরিচিত মুখ অনন্ত জলিল। তিনি এজেআই গ্রুপের মালিক। সম্প্রতি তাঁর প্রতিষ্ঠানের মাইক্রোবাস চালক ৫৫ লাখ টাকা নিয়ে গায়েব হয়েছে।

এ ঘটনায় সাভার থানায় মামলা করেছেন গ্রুপের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান জাহিদুল ইসলাম মীর।

মামলার এজাহারে বলা হয় এজেআই গ্রুপের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (হিসাব) জহিরুল ইসলাম চালকসহ মাইক্রোবাসে করে ৫৭ লাখ টাকা নিয়ে সাভারের হেমায়েতপুরে সোনালী ব্যাংকের শাখায় আসেন।

৫৫ লাখ টাকা গাড়িতে রেখে দুই লাখ টাকা ব্যাংকে জমা দিতে যান জহিরুল। টাকা জমা দিয়ে ফিরে এসে তিনি দেখেন মাইক্রোবাস চালক শহীদ মিয়া নেই, মাইক্রোবাসও নেই।

এই ঘটনায় মামলা হওয়ার পর থেকে মাইক্রোবাস চালককে ধরার জন্য অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জহিরুল ইসলামকে সঙ্গে নিয়ে অভিযান চালাচ্ছে পুলিশের একটি দল। এতে নেতৃত্ব দিচ্ছেন পুলিশের উপপরিদর্শক (এসআই) মোফাজ্জল হোসেন।