২০১৬ সালের ঘটনা। জাতীয় দল থেকে বাদ পড়লেন ‘মি. ফিনিশার’ তকমা পেয়ে যাওয়া বাংলাদেশ জাতীয় দলের মিডল অর্ডার ব্যাটসম্যান নাসির হোসেন।
তখন গুজব ছড়িয়ে যায়, নাসির হোসেনের জীবনে কোন শৃঙ্খলা নেই। তারকাখ্যাতি তাকে পেয়ে বসেছে। ব্যক্তিগত ১২টি মোবাইল ফোন এবং ৮০টি সিম ব্যবহার করেন তরুণ তারকা ক্রিকেটার।
এটি নিয়ে গত চার বছরে তেমন একটা কথা বলেননি নাসির। এবার করোনাভাইরাসের লকডাউনে বসে মজার সুরেই জানালেন, সেই ৮০টি সিম নিলামে তুলতে চান তিনি।
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকফ্রেঞ্জির সঙ্গে এক লাইভ সেশনে সেই ৮০ সিমের গুজব মনে করানো হলে, এ কথা বলেছেন নাসির।
নাসির বলেন, ‘হ্যাঁ! ভাবছি আমার ৮০টি সিম নিলামে উঠবে। যেসব নম্বরগুলো ভালো, সেগুলা একটু দামি আর কি (হাসি)। এগুলো মানুষজন বলে, আমাদের সংস্কৃতিটাই এরকম। আপনি যদি সুস্থ মানুষ হন তাহলে কিভাবে চিন্তা করেন, যে একটা মানুষ ৮০টি সিম ব্যবহার করে। এটা অসম্ভব কথা। ওই যে বললাম কিছু গরিব ইউটিউবার আছে যারা আমার নাম বিক্রি করে টাকা কামাই করছে।’
তিনি আরও বলেন, ‘এমন এমন নিউজ করে, যেটা অযোক্তিক নিউজ। মানুষের চিন্তায়ও আসে না এমন নিউজ করে বসে আছে। কিছু হলেই এ কি করলেন নাসির হোসেন! অথচ ভেতরে ঢুকে দেখবেন কিছুই নাই।’
এ প্রসঙ্গে নাসির ধুয়ে দেন সেসব অসাধু মানুষদের, যারা ভিত্তিহীনভাবে গুজব ছড়ায় এবং মুখরোচক শিরোনামে খবরের মতো করে ভিডিও বানিয়ে সেগুলোকে মানুষের কাছে প্রচার করে। সেসব মানুষের হেদায়েতের প্রার্থনাও করেছেন নাসির।

