অনেকদিন আগে থেকে বিয়ের দিনক্ষণ ঠিক করা ছিলো। তবে দেশজুড়ে লকডাউনে শুরু হলে স্থগিত হয়ে যায় বিয়ে। অবশেষে করোনা পরিস্থিতির মধ্যেই ৮০ কিমি হেঁটে বরের বাড়িতে পৌঁছলেন কনে। তারপর অনুষ্ঠিত হয় বিয়ে। অভিনব এ ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে।
এনডিটিভি খবরে জানা গেছে, ভারতের উত্তরপ্রদেশের ২০ বছরের এক তরুণী লকডাউনের মধ্যে ৮০ কিলোমিটার হেঁটে কানপুর থেকে কনৌজ গিয়ে বিয়ে করেছেন। ৪ মে তাদের বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু লকডাউনের কারণে বিয়ে স্থগিত হয়ে যায়।
লকডাউন ঘোষণার পর তাদের বিয়ে দুইবার ভেস্তে যাওয়ায় বর-কনে দুজনেই বেশ বিষণ্ণ হয়ে পড়েন। অবশেষে গেল বুধবার বিকালে কানপুরের লক্ষণপুর তিলক গ্রামের গোল্ডি সিদ্ধান্ত নেন তিনি কনৌজের বৈশ্যপুরে বীরেন্দ্রদের বাড়ি হেঁটেই যাবেন। আর সেভাবেই আসেন তিনি। তবে সামাজিক দূরত্বের নিয়ম মেনে স্থানীয় এক মন্দিরেই সম্পন্ন হয় বিয়ে তাদের।
এদিকে, লকডাউনের সময় নবদম্পতির বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভাইরাল ছবিতে দেখা যায়, কনে লাল শাড়ি পরেছেন, আর বর পরেছেন সাদা শার্ট। তবে তাদের মুখে ছিল মাস্ক। বিয়েতে উপস্থিত ছিলেন স্থানীয় এক সমাজকর্মীও।

