৯০% টুইটার ব্যবহারকারী ভুয়া সংবাদ ছড়ায়



নতুন এক গবেষণার তথ্য বলছে, জরুরি মুহূর্ত বা বিপর্যয়ের সময়ে মাইক্রোব্লগিং সাইট টুইটারের প্রায় ৯০ শতাংশ সক্রিয় ব্যবহারকারীর মধ্যে ভুয়া সংবাদ ছড়ানোর ঝোঁক কাজ করে। ২০ হাজারের বেশি টুইট পর্যালোচনা শেষে গবেষক দলটি এমন তথ্যই পেয়েছে। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস।
গবেষণার তথ্য অনুযায়ী, বিপর্যয়ের সময়ে ৮৬-৯১ শতাংশ টুইটার ব্যবহারকারী ভুয়া সংবাদ ছড়ান। এ ধরনের সংবাদ ছড়ানোর ক্ষেত্রে টুইটার ব্যবহারকারীরা পুনরায় টুইট করেন কিংবা আসল পোস্টে লাইক দেন। এ ধরনের ঘটনার সময়ে ৫-৯ শতাংশ টুইটার ব্যবহারকারী সংবাদটি সঠিক কিনা তা নিশ্চিত হতে চান। এর পরেই তারা টুইটের সিদ্ধান্ত নেন। অন্যদিকে ১-৯ শতাংশ মনে করেন, বিপর্যয়ের সময়ে পোস্ট করা মূল টুইটগুলো সঠিক থাকে না। ১০ শতাংশের কম জানান, তারা প্রথমে নিশ্চিত না হয়ে কোনো ভুয়া সংবাদ ছড়ালেও পরে বিষয়টি সম্পর্কে নিশ্চিত হলে আগের টুইট মুছে ফেলেন। অন্যদিকে ২০ শতাংশ ভুয়া টুইটকে আবারো টুইট করেন বলে জানান।
নিউইয়র্কের বাফেলো বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক জুন ঝুয়াং বলেন, বিপর্যয়ের সময়ে টুইটার ব্যবহারকারীদের ভুয়া সংবাদ ছড়ানো নিয়ে এটিই প্রথম গবেষণা। এতে যেসব তথ্য উঠে এসেছে, তা গুরুত্বপূর্ণ। কারণ বিপর্যয়ের সময়ে মানুষ কীভাবে প্রতারিত হয়, তা গবেষণায় উঠে এসেছে।