অজ্ঞাতরোগে আক্রান্ত মুক্তামনির 'বায়োপসি' সম্পন্ন




সাতক্ষীরার ১০ বছর বয়সী মুক্তামনির ‘বায়োপসি’ সফলভাবে সম্পন্ন হয়েছে। আগামী সোমবার মেডিকেল বোর্ডের মাধ্যমে এ বিষয়ে প্রতিবেদন দেবে ঢাকা মেডিকেল।

শনিবার সকাল আটটায় নেয়া হয় অপারেশনের প্রস্তুতি। পৌনে নয়টায় শুরু হয় মূল অপারেশন। এর ঘণ্টা খানেক পর তার সফল ‘বায়োপসি’ সম্পন্ন করার কথা জানান ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্তলাল সেন।

বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ড. সামন্ত লাল সেনের উপস্থিতিতে প্লাস্টিক সার্জন ও অ্যানেস্থেশিয়া বিভাগের ১১ জন বিশেষজ্ঞ চিকিৎসক এই অস্ত্রোপচারে অংশ নেন।

এ বিষয়ে ডা. সামন্ত লাল সেন লেন, ‘সমস্ত ঝুঁকি, শারীরিক অবস্থা মাথায় রেখেই মুক্তামনির চিকিৎসা দিয়ে যাচ্ছি আমরা। এখন সে ভালো আছে, তবে আমরা কোনোভাবেই বলব না মুক্তামনি শঙ্কামুক্ত। সে একেবারেই ঝুঁকিমুক্ত নয়। মুক্তামনির হাত থেকে নেওয়া টিস্যু বায়োপসির জন্য ল্যাবে পাঠানো হয়েছে বলে। ৭২ ঘণ্টা পর আমরা বয়োপসি রিপোর্ট পাব। এরপর মেডিকেল বোর্ড বসিয়ে মুক্তামনির চিকিৎসায় করণীয় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আইসিইউতে রাখার মত শোচনীয় অবস্থা তার নয়, নিরাপত্তা ও বিশেষ যত্নের জন্য সেখানে রেখেছি। বিকালে কেবিনে দিয়ে দেব।’

গত ১১ জুলাই থেকে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন মুক্তার রোগটি ‘হাইপারকেরাটসিস’ কিংবা স্কিন ক্যান্সার হতে পারে বলে এর আগে ধারণার কথা জানিয়েছিলেন ডা. সামন্ত লাল এবং সাতক্ষীরা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক মো. নাসিরউদ্দিন।

তবে রোগটির ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য বায়োপসি করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।

মুক্তামনির রক্তের প্লাটিলেড কম থাকায় ‘বায়োপসি’ করা যাচ্ছিল না। এ বিষয়ে আরো উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সাথে যোগাযোগ করে ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ। এরপর ভিডিও কনফারেন্সের মাধ্যমে পুরো রোগ সর্ম্পকে জেনে অস্ত্রোপচারে অস্বীকৃতি জানায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল। তারপরও ১৩ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করে ঝুঁকি মেনে ‘বায়োপসি’ করার সিদ্ধান্ত নিয়েছিল চিকিৎসকরা।

এদিকে সকালে অস্ত্রোপচারের পর মুক্তামনিকে আইসিইউতে নেওয়া হলেও তার রক্তক্ষরণ বন্ধ হচ্ছিল না।তাই অল্প সময়ের ব্যবধানেই মুক্তামনিকে আবারো অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। রক্তক্ষরণ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন চিকিৎসকরা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক ইউনিটের আবাসিক সার্জন ডা. হোসেন ইমাম জানান, মুক্তামনির জন্য এ-পজেটিভ রক্তের প্রয়োজন পড়তে পারে।প্রয়োজনীয় রক্তদাতা থাকলেও আমরা আশা করছি আরও মানুষ আসুক। তিনি ব্যাখ্যা করে বলেন, এক ব্যাগ প্লাটিলেট সংগ্রহ করতে চার ব্যাগ রক্ত লাগে।সে কারণে পর্যাপ্ত পরিমান প্লাটিলেটের জন্য আরো রক্তদাতা প্রয়োজন।

মুক্তামনির বাবা ইব্রাহিম হোসেন জানিয়েছিলেন, দেড় বছর বয়সে মুক্তার ডান হাতে একটি ছোট গোটা দেখা দেয়। পরে তা বাড়তে থাকে। বছর চারেক আগে এমন পর্যায় যায় যে তার স্বাভাবিক চলাফেরা ব্যাহত হয়।

এদিকে সাধ্যমত সতর্কতা মেনে সফল ‘বায়োপসি’ করায় ডাক্তারদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন মুক্তামনির বাবা মা।