ট্রাম্পের অতিথি হতে পারেন কিম




সিঙ্গাপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরীয় নেতা কিম জং-উনের ঐতিহাসিক বৈঠক। এর আগেই তাত্পর্যপূর্ণ এ সম্মেলনের জন্য ভালোভাবে প্রস্তুত বলে জানিয়েছেন ট্রাম্প। একই সঙ্গে বৈঠক সফল হলে উত্তর কোরীয় নেতার জন্য ভবিষ্যতে হোয়াইট হাউজের দ্বার উন্মোচনেরও আভাস দিয়েছেন তিনি।
উচ্চপর্যায়ের এ বৈঠকের আগে বৃহস্পতিবার ওয়াশিংটনে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে সাক্ষাৎ করেন ট্রাম্প। পাশাপাশি নিজের কূটনৈতিক বা পররাষ্ট্রনীতির অভিজ্ঞতার ঘাটতি নিয়ে উদ্ভূত উদ্বেগ প্রশমনের চেষ্টা করেছেন তিনি। নিজের চারিত্রিক বৈশিষ্ট্য বজায় রেখে ট্রাম্প বলেন, আমি বৈঠকের জন্য অত্যন্ত ভালোভাবে প্রস্তুত। আমার মনে হয় না, আমাকে খুব বেশি একটা প্রস্তুতি নিতে হবে। এটা আসলে আচরণের ব্যাপার, কাজ সম্পন্ন করার ইচ্ছার ব্যাপার।
আগামী ১২ জুন সিঙ্গাপুরে প্রথমবারের মতো বৈঠক করতে যাচ্ছেন বৈরী দেশ দুটির শীর্ষ নেতা। বৈঠকে পিয়ংইয়ংয়ের পারমাণবিক অস্ত্র কর্মসূচি সবচেয়ে বেশি গুরুত্ব পাবে।
এদিকে ট্রাম্প-কিম বৈঠক নিয়ে চিন্তিত জাপান। উত্তর কোরিয়া ঘিরে কয়েক দশক ধরে যে কঠোর অবস্থান রয়েছে, তা যেন এ ঐতিহাসিক মুহূর্তের উত্তেজনায় হারিয়ে না যায়, সে বিষয় নিশ্চিত করতে ওয়াশিংটন গেছেন আবে। সম্মেলন আয়োজনের শুরু থেকেই ওয়াশিংটনকে উত্তর কোরিয়া বিষয়ে কঠোর অবস্থান ধরে রাখতে জোর দিয়ে আসছে জাপান।
এদিকে উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ইচ্ছা প্রকাশ করেছেন ট্রাম্প। আনুষ্ঠানিকভাবে কোরীয় যুদ্ধ অবসানের লক্ষ্যে সম্মেলন থেকে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হতে পারে বলে আভাস দিয়েছেন তিনি