অতিরিক্ত কাজের চাপে কিশোরী মডেলের মৃত্যু




রাশিয়ান মডেলের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় অভিযুক্ত এক চীনা মডেলিং এজেন্সি। মৃত ভ্লাদা ডিজুবা সাংহাই ফ্যাশন উইকে অংশ নিয়েছিলেন। তাঁর বয়স ১৪ বছর। কঠোর পরিশ্রম এবং অতিরিক্ত কাজের চাপেই নাকি ভ্লাদার মৃত্যু হয়েছে বলে অভিযোগ তাঁর পরিবারের।
গত মঙ্গলবার কাজ করার সময় হঠাৎ অসুস্থ বোধ করে ভ্লাদা। পরদিন তাকে সাংহাই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ভলদার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। সেদিনই রাশিয়ার দূতাবাস এবং তার পরিবারকে খবর দেওয়া হয়। তবে কোনো ব্যবস্থা নেওয়ার আগেই গত শুক্রবার তার মৃত্যু হয়। অতিরিক্ত কাজের চাপে মেনিনজাইটিসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ওই মডেলের।
চীনের আইন অনুযায়ী, এক জন নাবালিকাও মডেলিংয়ের পেশায় নিযুক্ত হতে পারে। সুপারমডেল হওয়ার স্বপ্ন নিয়ে তিন মাসের কনট্র্যাক্টে সেই কাজ শুরু করেছিল রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের বাসিন্দা ভ্লাদা ডিজুবা। গত দু’মাস ধরে চিনের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে চলছিল ফোটোশুটের কাজ।
দ্য সান-এর খবর অনুযায়ী, রাশিয়ার মডেল এজেন্সিগুলি তাঁর বয়সের নিরিখে ভ্লাদাকে তিন ঘণ্টা কাজ করার অনুমতি দিয়েছিল। কিন্তু চিনে ভ্লাদা কাজ করতেন অন্তত আট ঘণ্টা।
যদিও এই অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত চীনা মডেলিং এজেন্সি। ওই এজেন্সির সিইও দ্য গ্লোবাল টাইমসকে বলেছেন, ‘দু’মাসের মধ্যে ভ্লাদাকে ১৬ ধরনের কাজে নিযুক্ত করা হয়েছিল। তাকে প্রতিদিন কাজের ফাঁকে বিশ্রাম নেওয়ার সময় দেওয়া হত। বেশির ভাগ দিনই ও আট ঘণ্টা কাজ করত, যা বাকিদের তুলনায় অনেকটাই কম।’
আর দু’সপ্তাহ পরেই ১৫তম জন্মদিন ছিল ভ্লাদার। কিন্তু তার আগেই এমন ঘটনা। মেয়ের মৃত্যুর শোকে ভেঙে পড়েছে ডিজুবা পরিবার।