অধিনায়কত্ব হারালেন মুশফিক; যে কারণে সাকিব




কদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল জাতীয় দলের কোচ নিয়োগের ইস্যু। এরই ধারাবাহিকতায় প্রায় দুই ঘণ্টার সভা শেষে সন্ধ্যায় সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন সভাপতি নাজমুল হাসান। সম্মেলনের প্রায় শেষের দিকে বেশ নাটকীয় ভঙ্গিতে বিসিবি সভাপতি বললেন, ‘আরেকটা বিষয়, আমরা টেস্ট অধিনায়ক বদলাচ্ছি। নতুন টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। অন্য সংস্করণে যা ছিল তাই থাকবে।’
সভায় টেস্ট দলের সহ-অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে মাহমুদউল্লাহকে। এত দিন এ দায়িত্বে ছিলেন তামিম ইকবাল। তামিম এখন টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক। আর মাশরাফি বিন মুর্তজা থাকছেন ওয়ানডে অধিনায়ক হিসেবে।
বিসিবি প্রধান জানান, সবার সঙ্গে আলোচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুশফিকের সঙ্গেও ব্যাপারটি নিয়ে আলোচনা হয়েছে।
এর আগে, দক্ষিণ আফ্রিকা সফরে গুঞ্জন উঠেছিল, টেস্ট অধিনায়ক হিসেবে মুশফিকের বিকল্প খুঁজছে বিসিবি। কিন্তু চন্ডিকা হাথুরুসিংহের আকস্মিক পদত্যাগের ঘটনায় মুশফিকের টেস্ট অধিনায়কত্ব প্রসঙ্গটা প্রায় আড়ালেই চলে গিয়েছিল। যদিও হঠাৎ করে ইস্যুটি জীবন্ত হলো বটে কিন্তু শেষও হয়ে গেল।
কারণ হিসেবে একাধিকবার বিসিবি সভাপতি নানা প্রসঙ্গে জানিয়েছেন, অধিনায়ক হিসেবে মুশফিকের সিদ্ধান্ত বা সংবাদ সম্মেলনে ব্যর্থতার দায় টিম ম্যানেজমেন্টের ওপর চাপানো বা ড্রেসিংরুমের সিদ্ধান্ত প্রকাশ্যে বলে দেওয়া তার অপছন্দের। দক্ষিণ আফ্রিকা সিরিজ চলাকালে সভাপতি বলেছিলেন, ‘মুশফিক যেভাবে কথা বলেছে, দেশের ভাবমূর্তি তাতে নষ্ট হয়েছে।’
তাছাড়া, কোচ হাথুরুসিংহের সঙ্গে মুশফিকের যে দূরত্ব তৈরি হয়েছিল, সেটিও গোপন কিছু নয়। বিসিবি প্রধান জানালেন, ব্যাটিংয়ে যাতে মুশফিক আরও মনোযোগ বাড়াতে পারে তাই অধিনায়কত্ব থেকে তাকে সরিয়ে দেওয়া।
আরও পড়ুন;
টাকা নয়, দেশের জন্য কিছু করতেই শ্রীলঙ্কার কোচ হচ্ছেন হাথুরু  
পদত্যাগ পত্র জমা দিয়েছেন হাথুরুসিংহে: পাপন  
হাথুরুসিংহের পদত্যাগ; অবগত নয় বিসিবি